Last Updated:
Fraserganj Tourism: ফ্রেজারগঞ্জের সমুদ্র সৈকতে উইন্ডমিলের ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে কার না ভাল লাগে! তবে এবার শুধু ছবি তোলাই নয়, এই অবহেলিত বায়ুকলগুলি থেকে ফের ২৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের তোড়জোড় শুরু হয়েছে। ২৫ বছর প্রাচীন এই প্রকল্প নতুন করে প্রাণ পেলে একদিকে যেমন পর্যটনের আকর্ষণ বাড়বে, ঠিক তেমনই দূর হবে উপকূলের লোডশেডিংয়ের সমস্যা।
বকখালি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ফ্রেজারগঞ্জে বায়ুকলগুলি প্রাণ ফিরে পাবে এবার। অদূর ভবিষ্যতে এর ডানাগুলিকে ঘুরতে দেখবে পর্যটকরা। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গিয়েছে ফ্রেজারগঞ্জের বায়ুকল। বায়ুস্তম্ভের কোনওটার পাখা ভেঙে আছে, কোনওটাতে মরচে ধরেছে। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। দীর্ঘদিন ধরে বাতাস কলগুলি অব্যবহৃত থাকায় ক্রমশ অকেজো হয়ে পড়ছে সেগুলি। এই বায়ুকলগুলি এখন পর্যটকদের কাছে ছবি তোলার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
যদিও কেন্দ্রীয় সরকার অপ্রচলিত শক্তি উৎপাদনের উপর জোর দিচ্ছে। তাছাড়া উপকূলীয় এলাকার জন্য এই বিদ্যুৎ খুবই গুরুত্বপূর্ণ। ফলে এই বায়ুকল চালানোর জন্য উচ্চ পর্যায়ে কথা বলার আশ্বাস দিয়েছেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। অপ্রচলিত শক্তি বিকাশ সংস্থার (ওয়েবরেডা) উদ্যোগে প্রায় বছর ২৫ আগে বকখালি ও ফ্রেজারগঞ্জে সৈকতের একেবারে কাছে বসানো হয় আটটি বাতাস কল। প্রথম প্রথম সব ঠিকঠাক চলছিল। এক একটি বায়ুকল থেকে ২৫০ কিলোওয়াট করে বিদ্যুৎও উৎপাদন হচ্ছিল। কিন্তু এখন সেসব আজ অতীত। স্থানীয়রা এই প্রকল্প থেকে অনেক উপকার পেতেন। এখানে বিদ্যুতের সমস্যা প্রবল। এই বায়ু কল চালু থাকলে সেই সমস্যা দূর হত। এখান থেকে বিদ্যুৎ গ্রিডে যাওয়ার কথাও ছিল।
South Twenty Four Parganas,West Bengal
Jun 05, 2026 11:34 PM IST
Fraserganj Tourism: ফ্রেজারগঞ্জ ঘুরতে যাওয়ার আনন্দ বেড়ে যাবে কয়েকগুণ! ছবি তোলার বায়ুকলে প্রাণ ফেরার আশা, উপকৃত হবেন বাসিন্দারাও