Last Updated:
Indian Railways: আরও দ্রুতগতির হবে রেল যাত্রা। এবার রেলের যাত্রাপথ আরও সহজ ও সুগম্য করতেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল উত্তর-পূর্ব রেল।
গুয়াহাটি: ২০২৬-এর মে মাসে ‘থ্রু স্লিপার রিনিউয়াল’ (টিএসআর) কাজে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের মাধ্যমে পরিকাঠামো রক্ষণাবেক্ষণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তিনসুকিয়া ডিভিশন। মরাণহাট-ডিব্রুগড় সেকশনে ‘ট্র্যাক রিলেয়িং ট্রেন’ (টিআরটি) মেশিন ব্যবহার করে মোট ১০.৬১ কিলোমিটার স্লিপার পুনর্নবীকরণ কাজ সফলভাবে সম্পন্ন করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ে এই ডিভিশনটির অন্যতম উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
এই সাফল্য মাসের মধ্যে ২১টি ট্রাফিক ব্লকের-যার মধ্যে ৯টি নাইট ব্লক-কার্যকর ব্যবহারের মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে, যা পুনর্নবীকরণ কাজের নিরবচ্ছিন্ন অগ্রগতি নিশ্চিত করেছে। বিভিন্ন বিভাগের মধ্যে সুগম সমন্বয়, মেনপাওয়ার ও মেশিনের দক্ষ ব্যবহার, শান্টিং কার্যক্রমের সুগম পরিচালনা এবং সিগন্যালিং ও ওভারহেড ট্র্যাকশন সংক্রান্ত কাজগুলোর সম্পাদন নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের তিনসুকিয়া ডিভিশনের মরাণহাট-ডিব্রুগড় সেকশনে স্লিপার পুনর্নবীকরণ কাজ সফলভাবে সম্পন্ন হওয়ার ফলে ট্র্যাকের সুরক্ষা ও পরিচালনগত নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
পুনর্নবীকরণ রেললাইন পরিকাঠামো ট্রেনের চলাচলকে আরও সুগম করতে এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতাকে উন্নত করতে সহায়তা করবে; যা ট্রেন যাত্রার সময় সুরক্ষা, দক্ষতা ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উচ্চমান বজায় রাখার ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অঙ্গীকারকে পুনরায় সুদৃঢ় করে, বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।
