Last Updated:
Mid Day Meal: মোটরবাইকে চড়ে হঠাৎ স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির বিধায়ক সৌভিক পাত্র। মিড-ডে মিলের চাল থেকে শিশুদের খাবারের মান—সবই খতিয়ে দেখলেন নিজে।
বাঁকুড়া: সাত সকালেই মোটরবাইকে চড়ে স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শনে বিধায়ক। মোটরবাইক চালিয়ে সিমলাপাল ব্লকের লক্ষ্মীসাগর বৈষ্ণবপাড়া প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করলেন তালডাংরার বিধায়ক সৌভিক পাত্র। বিদ্যালয়ে পৌঁছে তিনি ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে কথা বলে শিক্ষা ও পরিকাঠামোগত বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
পাশাপাশি মিড-ডে মিলের জন্য বরাদ্দ চালের গুণগত মানও খতিয়ে দেখেন বিধায়ক। এরপর তিনি পাশের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যান। সেখানে কর্মরত শিক্ষিকা ও সহায়িকাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। কেন্দ্রে রান্না হওয়া পুষ্টিকর খাবার নিজে খেয়ে তার মানও পরীক্ষা করেন। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথাও শোনেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার দাস জানান, বিধায়ক বিদ্যালয়ের পড়াশোনা, মিড-ডে মিল ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিদ্যালয়ের পানীয় জলের সমস্যা ও পরিকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টিও তাকে জানানো হয়েছে। বিধায়ক সৌভিক পাত্র বলেন, বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র নিয়ে কিছু অভিযোগ তার কাছে এসেছিল। তাই সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি সেখানে যান। শিশুদের জন্য খাবারের মানোন্নয়ন এবং বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বিধায়কের এই আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, দীর্ঘদিনের পানীয় জল ও পরিকাঠামোগত সমস্যাগুলির দ্রুত সমাধান হবে। বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা আরও উন্নত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক সৌভিক পাত্র। তাঁর এই উদ্যোগে শিক্ষা ও শিশু পুষ্টি সংক্রান্ত পরিষেবার মান আরও উন্নত হবে বলেই মনে করছেন এলাকাবাসী।
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়