Last Updated:
Odisha Raid: ভিজিল্যান্স বিভাগের বড় অভিযানে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য। পাঁচটি বিলাসবহুল অট্টালিকা, ১৩টি জমির প্লট এবং নগদ টাকায় ভর্তি লকার উদ্ধার।
ভুবনেশ্বরঃ ওড়িশায় দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য। ভিজিল্যান্স বিভাগ কান্ধামাল জেলার বালিগুড়ায় বৈকুণ্ঠনাথ বেহেরার ন’টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালায়। আর তাতেই কোটি কোটি টাকার সম্পত্তি, বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি, মূল্যবান জমি এবং ব্যাঙ্ক লকার থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছে। আধিকারিকরা ভুবনেশ্বর, জাজপুর, বারিপাড়া এবং বালিগুড়া থেকে বৈকুণ্ঠনাথ বেহেরার ন’টি সম্পত্তিতে একযোগে অভিযান চালায়।
এই তল্লাশিতে অভিযানে ছিলেন দু’জন অতিরিক্ত পুলিশ সুপার, পাঁচজন ডিএসপি, ছ’জন পরিদর্শক-সহ অন্যান্য পুলিশ কর্তারা। তল্লাশির সময় আধিকারিকরা ভুবনেশ্বরের পশ এলাকায় বেশ কয়েকটি বহুতলের হদিশ পান। তদন্তে এ পর্যন্ত পাঁচটি বাড়ির সন্ধান মিলেছে, তার মধ্যে রয়েছে নীলাদ্রি বিহারের একটি বিলাসবহুল চারতলা বাড়ি, যার আয়তন প্রায় ১০,৫০০ বর্গফুট। এছাড়াও শৈলশ্রী বিহার, কানন বিহার, চন্দ্রশেখরপুর ও জাজপুরের ধর্মশালা এলাকায় দুটি করে দোতলা বাড়ির হদিশ মিলেছে।
সোনা, বিনিয়োগ এবং ব্যাঙ্ক আমানত
ভিজিল্যান্স কর্তারা শুধু নগদ টাকাি নয়, সোনার গয়না, ব্যাঙ্কের আমানত, পোস্ট অফিসের বিনিয়োগ এবং অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তির হিসেব খতিয়ে দেখছেন। আইটি এক্সপার্টদের সহগিতা নিয়ে সমস্ত নথি এবং সম্পদ যাচাই চলছে।
১৯৯৯ সালে বৈকুণ্ঠনাথ বেহেরা নামের ওই ব্যক্তি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সরকারি চাকরি শুরু করেন। সেই সময় তাঁর মাসিক বেতন ছিল মাত্র ৬,০০০ টাকা। তিনি পরবর্তীতে বিভিন্ন পদে কাজ করেছেন এবং সম্প্রতি সহকারী নির্বাহী প্রকৌশলী পদে কর্মরত। বছরের পর বছর ধরে জমানো সম্পদ, তাঁর আয়ের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নির্ধারণের জন্য তদন্তকারী সংস্থাগুলি কাজ করছে।
কোটি কোটি টাকার সম্পত্তি, বহুতল বিলাসবহুল বাড়ি, দামী জমি এবং ব্যাঙ্ক লকার থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ অর্থ এই মামলাটিকে বর্তমানে রাজ্যের অন্যতম আলোচিত দুর্নীতি মামলার অন্যতম বলে এই মুহূর্তে মনে করা হচ্ছে। ভিজিল্যান্স বিভাগের তদন্ত চলছে এবং আধিকারিকদের দাবি, আগামীতে বৈকুণ্ঠনাথ বেহেরা সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
Kolkata,West Bengal
Jun 07, 2026 12:29 PM IST
