Last Updated:
রবিবার দিল্লি পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে যান তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কলকাতা থেকে রওনা দেওয়ার সময় অবশ্য কোনও প্রতিক্রিয়াই দেননি তিনি৷
শুধুই কি ইন্ডিয়া জোটের বৈঠক, না কি নিজের দলের ভাঙন আটকাতেই দিল্লিতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়? রবিবার তৃণমূলনেত্রী দিল্লিতে পা রাখার পর থেকেই রাজধানীর রাজনৈতিক মহলে এ নিয়েই জোর চর্চা শুরু হয়েছে৷
ইতিমধ্যেই বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ভাঙন ধরেছে৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরই বিরোধী দলের তকমা পেয়েছে৷ তার পরই লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বড়সড় ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে৷ শোনা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার দলনেতার পদ থেকে সরাতে একজোট হয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিতে পারেন তৃণমূলের অন্তত ১৯ জন সাংসদ৷
এই পরিস্থিতিতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বিক্ষুব্ধ সাংসদদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরস্ত করার মরিয়া চেষ্টা শুরু হয়েছে বলেই সূত্রের খবর৷ তবে একই সঙ্গে ওই সূত্রের দাবি, এই মুহূর্তে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কোনওরকম আলোচনায় আগ্রহ দেখাচ্ছেন না দলের বিক্ষুব্ধ সাংসদরা৷ বিদ্রোহী সাংসদদের তালিকায় যেমন তৃণমূলের একাধিক পুরনো সাংসদ আছেন, সেরকমই বেশ কয়েকজন নতুন সাংসদ রয়েছেন৷ বেশ কয়েকজন আবার জল মাপছেন বলেও খবর৷
তৃণমূলের অন্দরের খবর, বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের এবার কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে মরিয়া তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটের বৈঠকে অংশ নিতে আসার সেটাও অন্যতম বড় কারণ৷
আবার অন্য একটি সূত্রের দাবি, তৃণমূলের এই কোণঠাসা অবস্থাকে কাজে লাগিয়ে বাংলায় কংগ্রেসের পায়ের তলার মাটি শক্ত করার জন্য ইতিমধ্যেই রাহুল গান্ধিকে পরামর্শ দিয়েছেন প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী৷ যে তৃণমূল নেতা এবং কর্মীদের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে, তাঁদের কংগ্রেসে সামিল করার বিষয়টি ভেবে দেখার প্রস্তাব তিনি রাহুল গান্ধিকে দিয়েছেন বলেই সূত্রের খবর৷
অধীর চৌধুরী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক হিসেবে পরিচিত৷ প্রদেশ কংগ্রেসের অন্যান্য নেতাদের তাঁর সম্পর্কে বিরূপ মনোভাব পোষণ করে তৃণমূলও৷ তা সত্ত্বেও প্রদেশ কংগ্রেসের বর্তমান নেতৃত্বের কোনও পদাধিকারীর বদলে কেন রাহুল গান্ধি ইন্ডিয়া জোটের বৈঠকের আগে অধীর চৌধুরীকে সময় দিলেন, তা নিয়েও দিল্লির রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে৷
এর আগে শোনা গিয়েছিল, সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই বিদ্রোহ তৃণমূল সাংসদরা প্রকাশ্যেই নিজেদের অবস্থান জানিয়ে দলকে আরও বিড়ম্বনায় ফেলতে পারেন৷ ফলে আজ দিল্লিতে কী হয়, সেদিকে নজর গোটা দেশের রাজনৈতিক মহলের৷
Kolkata,West Bengal
