Last Updated:
Shyama Prasad Mukherjee Statue: রাজ্যে পালাবদলের পরে বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির চাহিদা। দীর্ঘদিন পর আবার এই ধরনের মূর্তি তৈরির চাহিদা বাড়তে শুরু করায় আশাবাদী শিল্পীমহল। অত্যন্ত যত্ন ও নিখুঁত কারুকার্যের মাধ্যমে মাটির কাঠামো প্রস্তুত করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে মূর্তিটিকে আরও টেকসই রূপ দেওয়া হবে।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: রাজ্যে পালাবদলের পরেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের সদিচ্ছা দিকে দিকে। যা দেখে নতুন দিনের আশায় মৃৎশিল্পীরা। নতুন সরকার আসতেই এবার অন্যান্য মনীষীদের পাশাপাশি বহু দেশবরেণ্যদের অবদান এবং তাদের জীবনী এবার আসবে সাধারণ মানুষের সামনে। তেমনটাই আশা করছেন শিল্পীরা। তারমধ্যেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি তৈরির কাজ শুরু হয়েছে নদিয়ার শান্তিপুরে।
মাটির কাজ শেষ হওয়ার পর পরবর্তী ধাপে এটি মোল্ডিং-এর জন্য যাবে, যাতে আরও দুই থেকে চার দিন সময় লাগবে। এরপরের মূল কাজটি হবে গ্লাস ফাইবারের ওপর কাস্টিং করা। শিল্পী দাবি করেন, গ্লাস ফাইবারের ওপর কাস্টিং করা মূর্তি অত্যন্ত শক্তিশালী ও টেকসই হয়। যার ফলে রোদ, ঝড়, জল বা বৃষ্টির মত যেকোনও প্রতিকূল আবহাওয়াতেও ২০০ থেকে ৪০০ বছরেও এই মূর্তির কোনও ক্ষতি হবে না। পাশাপাশি ফাইবারের তৈরি হওয়ায় মূর্তিটি ওজনে বেশ হালকা এবং এক স্থান থেকে অন্য স্থানে বহনের ক্ষেত্রেও বিশেষ সুবিধাজনক।
চূড়ান্ত ফিনিশিং, ঘষা-মাজা এবং পালিশের কাজ শেষ করে আগামী ১৫ দিনের মধ্যে এই আবক্ষ মূর্তিটি নদিয়ার ফুলিয়া টাউনশিপের উদ্দেশ্যে হস্তান্তর করা হবে বলে শিল্পী জানান। ভবিষ্যতে কেবল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই নন, অটল বিহারী বাজপেয়ী, দীনদয়াল উপাধ্যায় সহ দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা অন্যান্য বরেণ্য মনীষী ও ভারতমাতার মূর্তি তৈরির কাজের বিষয়েও আশা প্রকাশ করেছেন তিনি। তিনি মনে করেন, বর্তমান প্রশাসনের ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিল্পীদের মনে এক নতুন আশার আলো সঞ্চার করেছে, যা আগামী দিনে মৃৎশিল্পীদের কাজের পরিধি ও জীবিকাকে আরও সমৃদ্ধ করবে।
Nadia,West Bengal
Shyama Prasad Mukherjee Statue: বেড়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির চাহিদা, মৃৎশিল্পীদের ঘরে লক্ষ্মীলাভের জোয়ার! কাঠামোয় আধুনিক ‘ট্রিকস’