Last Updated:
Digha Jagannath Temple: অবশেষে অবসান ঘটল দিঘার জগন্নাথ মন্দিরের ‘ধাম’ বিতর্ক। পুরীর রীতিনীতি মেনেই প্রতিদিন পুজো ও আরতি চলছে সৈকত শহরের এই নতুন মন্দিরে। ওড়িশার পর্যটকদের আগমন নিয়ে আশাবাদী মন্দির কর্তৃপক্ষ।
দিঘা, সৈকত শী: দিঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার দিন থেকেই বিতর্ক নামের সঙ্গে ধাম নিয়ে। সেই বিতর্কের অবসান ঘটেছে। ওড়িশা রাজ্য সরকারের আর্জি মেনে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিঘা জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম সরিয়েছে। দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকেই জগন্নাথ ভক্তদের মধ্যে আলাদা আবেগ ও ভক্তির উদ্বেলতা দেখা দিয়েছিল। নাম থেকে ধাম সরলেও জগন্নাথ ভক্তদের দিঘায় জগন্নাথ মন্দিরের প্রতি টান ও আবেগ কোনটাই কমেনি। জগন্নাথ ভক্তরা ভিড় করছে মন্দির চত্বরে।
শেষ বছর মে মাসের শুরু থেকেই দিঘার পরিবেশ বদলে গিয়েছে। দিঘার সমুদ্র কেন্দ্রিক পর্যটনের সঙ্গে মিশে গেছে আধ্যাত্মিকতা! দিঘা জগন্নাথ সংস্কৃতি চর্চা কেন্দ্র উদ্বোধনের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দিঘায় নির্মিত জগন্নাথ মন্দির ও জগন্নাথ দেব দেখতে প্রতিদিনই পর্যটকেরা ভিড় জমায়। সেই ভিড়ে বিন্দুমাত্র ভাটা পড়ল না জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম শব্দ সরে যাওয়ার পরও! জগন্নাথ মন্দিরের দ্বায়িত্বে থাকা ইসকন কর্তৃপক্ষ জানাচ্ছে প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম হচ্ছে মন্দিরে। আর তার বেশিরভাগটাই এ রাজ্যের পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। দিঘা জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম সরেছে। তাই এবার ওড়িশার পর্যটকেরাও এই মন্দিরে ভিড় জমাবে বলে মনে করছেন জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্যরা।
এ বিষয়ে দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের অন্যতম সদস্য রাধারমন দাস জানান, “প্রথম থেকেই ধাম শব্দটি নিয়ে বিতর্ক ছিল। সেই বিতর্কের অবসান হয়েছে। নাম থেকে ধাম সরলেও জগন্নাথ ভক্তের ভাটা পড়েনি মন্দিরে। প্রতিদিন হাজার হাজার ভক্ত আসছে। এদিনও ভক্তদের ভিড় মন্দির জুড়ে। আগে ওড়িশার পর্যটক তথা জগন্নাথ ভক্তরা ধাম নিয়ে বিতর্কের কারণে এই মন্দিরে আসত না। এবার ওড়িশার পর্যটক তথা জগন্নাথ ভক্তরাও এই মন্দিরে ভিড় জমাবে। সব মিলিয়ে জগন্নাথ ভক্তের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা যায়।”
জগন্নাথ মন্দিরের নাম থেকে ধাম বাদ গেলেও ভক্তিরস ও ভাবাবেগের বিন্দুমাত্র ভাটা পড়েনি। প্রতিদিন নির্দিষ্ট নিয়মে পুরীর রীতিনীতি অনুসারেই জগন্নাথ দেবের পুজো আচার অনুষ্ঠান চলছে। চলছে আরতি। ফলে ভক্তদের এই মন্দিরের প্রতি আবেগ ও টান আগের মতো রয়েছে। মন্দির কর্তৃপক্ষের অনুমান উত্তর-উত্তর এই মন্দিরে জগন্নাথ ভক্তের সংখ্যা বাড়বে। সবমিলিয়ে দিঘার জগন্নাথ রাজ্যের সমুদ্র কেন্দ্রিক পর্যটনের সংজ্ঞা বদলে দিচ্ছে।
Purba Medinipur,West Bengal