Last Updated:
Khelo India Tribal Games 2026: পুরুলিয়ার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা। গর্বের ইতিহাস রচনা করলেন জেলার দুই সাঁওতাল যুবক। চিনে নিন তাঁদের।
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়ার লাল মাটিতে আবারও গর্বের ইতিহাস রচনা করলেন দুই সাঁওতাল যুবক বিজয় মুর্মু ও মুন্না মান্ডি। চরম আর্থিক অভাব ও প্রতিকূলতাকে জয় করে ২০২৬ সালের প্রথম খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে বাংলার হয়ে সোনা জিতেছেন তাঁরা। ছত্তিশগড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তাঁদের অসাধারণ সাফল্য ইতিমধ্যেই সমগ্র রাজ্য তথা পুরুলিয়া জেলা জুড়ে সাড়া ফেলেছে।
এই সাফল্যের পর খেলোয়াড়রা গ্রামে ফিরতেই উৎসবের আবহ তৈরি হয়। স্থানীয় রামকানালী রেল স্টেশনে নামতেই গ্রামের মানুষ ফুলের তোড়া, মিষ্টিমুখ ও ব্যান্ড বাজিয়ে বিজয় ও মুন্নাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেখান থেকে আনন্দ মিছিল করে তাঁদের গ্রামে নিয়ে যাওয়া হয়, যা সমগ্র এলাকার জন্য এক অনন্য গর্বের মুহূর্ত হয়ে ওঠে।
আরও উল্লেখযোগ্য বিষয় হল, বিজয় ও মুন্না দু’জনেই বাংলার হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছেন, যা ভারতীয় ফুটবলের অন্যতম সম্মানজনক টুর্নামেন্ট। শুধু তাই নয়, বর্তমানে তাঁরা দেশের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ, যা তাঁদের প্রতিভার স্বীকৃতি বহন করে।
বিজয়ের বাড়ি পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত নামোবাথান গ্রামে, আর মুন্নার বাড়ি নিতুরিয়া থানার পারবেলিয়া গ্রামে। বিজয় মুর্মু ও মুন্না মান্ডি জানিয়েছেন, “তাঁদের স্বপ্ন এখানেই শেষ নয়। তাঁরা ভবিষ্যতে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে দেশের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁরা প্রতিনিয়ত নিজেদের আরও উন্নত করার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন।”
বিজয় ও মুন্নার এই কৃতিত্ব শুধু তাঁদের পরিবার বা নিজ গ্রামকেই গর্বিত করেনি, বরং গোটা পুরুলিয়া জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গের জন্য এক গর্বের মুহূর্ত তৈরি করেছে। তাঁদের এই অভাবনীয় সাফল্যে গর্বে বুক ভরেছে সকলের।
Puruliya (Purulia),Puruliya,West Bengal