Last Updated:
Modi-Trump: মোদিকে ‘কাম (শান্ত)’, ‘কুল’, ‘টোটাল কিলার’ বলে উল্লেখ্য করে ভারতের প্রধানমন্ত্রীর চারিত্রিক দৃঢ়তার প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক নিয়েও দিলেন বড় বার্তা৷
ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত হচ্ছে জি-৭ সম্মেলন৷ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের৷ জি ৭-এর মাঝেই দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি এবং ট্রাম্প৷ তার আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘‘আমার মনে হয় এটা ভীষণ ভাল একটা সম্পর্ক। যদি ওদের (ভারত) উপর আক্রমণ হয়, আমরা তাদের সাহায্য করতে সেখানে থাকব। যদি কেউ এই মানুষটির (প্রধানমন্ত্রী মোদি) উপর আক্রমণ করে, আমরা পাশে থাকব। যদি ভারতের উপর আক্রমণ হয় এবং উনি (প্রধানমন্ত্রী মোদি) নেতৃত্বে থাকেন, তাহলে আমরা অবশ্যই সাহায্যের জন্য এগিয়ে আসব’’৷
অর্থাৎ ভারতের উপর হামলা হলে এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি আসীন থাকলে ভারতের পাশে থাকবে আমরা, দ্বিপাক্ষিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প৷ পাশাপাশি, প্রায় ১৬ মাস পর দেখা হতেই ‘বন্ধু’ মোদির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প৷ মোদিকে ‘কুল’, ‘টোটাল কিলার’ও বলতে শোনা গেল ট্রাম্পকে৷
মোদিকে ‘কাম (শান্ত)’, ‘কুল’, ‘টোটাল কিলার’ বলে উল্লেখ্য করে ভারতের প্রধানমন্ত্রীর চারিত্রিক দৃঢ়তার প্রশংসা শোনা গেল মার্কিন প্রেসিডেন্টের মুখে৷ ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি ছিল গত ১৬ মাসেরও বেশি সময় পর মোদি ও ট্রাম্পের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। বৃহত্তর আলোচনায় বসার আগে দুই নেতা একে অপরকে শুভেচ্ছা জানান। তাঁদের আলোচনায় বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প বারবার মোদির নেতৃত্বের ধরন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রশংসা করেছেন। চলতি মাসের শুরুতে তিনি মোদিকে ভারতের সবচেয়ে দীর্ঘসময় দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হওয়ার জন্য অভিনন্দন জানান। তখন তিনি মোদিকে “শক্তিশালী, সুস্থ এবং প্রাজ্ঞ ব্যক্তি” বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও তাঁর সাফল্য অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
আজকের বৈঠকে দুই নেতা ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক বিষয়গুলি পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি, সরবরাহ শৃঙ্খল (সাপ্লাই চেইন), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত থাকবে।
সম্প্রতি ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয় জানিয়েছে নয়াদিল্লি। ফলে বিষয়টি বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে আসতে পারে। পাশাপাশি প্রস্তাবিত মার্কিন-ইরান চুক্তি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
Kolkata,West Bengal
