Last Updated:
IIT Kharagpur MoU: প্রযুক্তিগত উদ্ভাবন, উচ্চশিক্ষার প্রসার ও গবেষণার মানোন্নয়নে যৌথ উদ্যোগ। দেশের দুই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর এবং বিআইটি মেসরা। সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যার মূল উদ্দেশ্য হল গবেষক ও শিক্ষার্থীদের পারস্পরিক আদান-প্রদান নিশ্চিত করা।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: প্রযুক্তি ও গবেষণার প্রসারে এবার হাত মিলিয়ে ইতিহাস গড়ল দুই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। গবেষণার মানোন্নয়ন, উচ্চশিক্ষার প্রসার এবং নতুন উদ্ভাবনকে উৎসাহ দিতে সম্প্রতি একটি সমঝোতা স্মারক বা মৌ (MoU) স্বাক্ষর করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়গপুর এবং বিআইটি মেসরা। স্বাধীনতার ঠিক পরবর্তী দশকে গড়ে ওঠা এই দুই প্রতিষ্ঠানের মেলবন্ধনকে কেন্দ্র করে শিক্ষা মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ।
আইআইটি খড়গপুর ১৯৫১ সালে স্থাপিত দেশের প্রথম আইআইটি হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। অন্যদিকে, ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বিআইটি মেসরাও তাদের দীর্ঘ যাত্রাপথে প্রযুক্তির উৎকর্ষে নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে। এই দুই প্রতিষ্ঠানের এই যৌথ উদ্যোগ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই চুক্তির মাধ্যমে মূলত গবেষক ও শিক্ষার্থীদের আদান-প্রদান এবং যৌথ গবেষণার দরজা খুলে গেল। দুই প্রতিষ্ঠানের মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা এখন একে অপরের তত্ত্বাবধানে কাজ করার সুযোগ পাবেন।
পাশাপাশি, গবেষণাগারের পরিকাঠামো ব্যবহার, যৌথ কর্মশালা, সেমিনার এবং গিয়ান (GIAN) কোর্সের মাধ্যমে জ্ঞানচর্চাকে আরও প্রসারিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর মূল মন্ত্রকে পাথেয় করে এই দুই প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত উৎপাদন ব্যবস্থা, জ্বালানি সংকট মোকাবিলা, জলসম্পদ সুরক্ষা এবং প্রতিরক্ষা প্রযুক্তির মতো জাতীয় গুরুত্বের বিষয়গুলিতে সম্মিলিতভাবে কাজ করবে।
সম্প্রতি আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী এবং বিআইটি মেসরার উপাচার্য অধ্যাপক ইন্দ্রনীল মান্না দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই উদ্যোগের মাধ্যমে উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটিয়ে দেশের প্রযুক্তিগত উন্নয়নে বিশেষ অবদান রাখার লক্ষ্য স্থির করেছে উভয় প্রতিষ্ঠান। যৌথ ডিগ্রি ও সমন্বিত এমটেক–পিএইচডি পাঠক্রম চালুর সম্ভাবনা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। ওয়াকিবহালমহলের মতে, এই দুই শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতার ফলে মেধাবী পড়ুয়ারা যেমন উপকৃত হবেন, তেমনই দেশের গবেষণা ও উন্নয়ন ক্ষেত্র এক নতুন উচ্চতায় পৌঁছবে।
Paschim Medinipur,West Bengal
Jun 23, 2026 10:37 AM IST
