Last Updated:
Trawler Sinks: সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে বালি বোঝাই ট্রলারডুবি। ঘটনায় ২ শ্রমিক নিখোঁজ হয়েছেন। গেঁওখালি ঘাট থেকে বালি নিয়ে সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে হয় দুর্ঘটনা। ভরা কোটাল ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে ট্রলারটি। তারপরেই এই বিপত্তি।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ঘোড়ামারার কাছে হুগলি নদীতে বালি বোঝাই ট্রলারডুবি ঘটনায় নিখোঁজ ২ ট্রলারকর্মী। ভরা কোটালের জেরে উত্তাল নদী আর খামখেয়ালি আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়েছে ওই পণ্যবাহী ট্রলারটি। দক্ষিণ ২৪ পরগনার সাগরের ঘোড়ামারার কাছে হুগলি নদীতে বালি বোঝাই করে ওই পণ্যবাহী ট্রলারটি আসছিল।
ঘোড়ামারা দ্বীপের কাছে নদীর উত্তাল ঢেউ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চড়ায় ধাক্কা মেরে ডুবে যায়। ঘটনার সময় কাছাকাছি থাকা মাছ ধরার শুধু নৌকার মৎস্যজীবীরা ট্রলারের মাঝিকে নদী থেকে উদ্ধার করতে পারলেও, এখনও পর্যন্ত খোঁজ মেলেনি ট্রলারে থাকা দুই শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের গেঁওখালি ঘাট থেকে বালি বোঝাই করে সাগরের কচুবেড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই পণ্যবাহী ট্রলারটি।
তারা নদী থেকে ট্রলারের মাঝিকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকি দুই কর্মী স্রোতের তোড়ে তলিয়ে যান। নিখোঁজ দুই কর্মীর নাম সন্তোষ ঘড়ই এবং শেখ আসাদ। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। লঞ্চের সাহায্যে হুগলি নদী জুড়ে নিখোঁজ দুই কর্মীর খোঁজে লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। স্থানীয় মৎস্যজীবীরাও এই উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।
South Twenty Four Parganas,West Bengal
