নয়াদিল্লি: শুধুমাত্র নাগরিকরাই ভারতের পাসপোর্ট পান। কিন্তু পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয় বলে এবার জানিয়ে দিল বিদেশমন্ত্রক। ১৪তম পাসপোর্ট সেবা দিবসে এই ঘোষণা করল তারা। বলা হল, পাসপোর্ট কেবলমাত্র ‘ট্রাভেল ডকুমেন্ট’, অর্থাৎ ভ্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। সেই নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। নাগরিকত্বের প্রমাণ দিতে আর কী কী করতে হবে ভারতীয়দের, উঠছে প্রশ্ন। এমনকি সম্প্রতি SIR-এও যেখানে পাসপোর্টকে অন্যতম নথি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, এখন হঠাৎ করে বাদ গেল কেন, উঠছে প্রশ্ন। (Passport Not Citizenship Proof)
নতুন চিপ নির্ভর পাসপোর্ট সংগ্রহের জন্য এদিন নাগরিকদের উৎসাহিত করে বিদেশ মন্ত্রক। পৃথিবীর সর্বত্র চিপ নির্ভর পাসপোর্টের গ্রহণযোগ্যতা কত, জালিয়াতির ঝুঁকি কতটা কম, বোঝান হয় ব্য়াখ্য়া সহকারে। আর তাতেই ভারতের পাসপোর্টকে কেবলমাত্র ‘ট্রাভেল ডকুমেন্ট’ বলে উল্লেখ করা হয়। বিদেশমন্ত্রক জানিয়েছে, আগামী সপ্তাহে দু’দিনের বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে, যেখানে বিদেশি সংস্থা এবং ভারতীয় নাগরিক যাঁরা বিদেশে চাকরি খুঁজছেন, তাঁদের মধ্য়ে সংযোগ স্থাপন, বিদেশযাত্রার আইনি পথগুলি তুলে ধরা হবে। (Indian Passport)
পাসপোর্ট নাগরিকত্বের নথি নয়?
বুধবার সেই নিয়ে বিবৃতি দিতে গিয়ে বিদেশমন্ত্রকের এক আধিকারিক জানান, পাসপোর্ট একটি ভ্রমণ নথি, নাগরিকত্বের প্রমাণপত্র নয়, বিদেশে থাকাকালীন ভারতীয়দের জাতিগত পরিচয়ের সাক্ষ্য বহন করে। তিনি বলেন, “অনেক বাছ-বিচারের পর পাসপোর্ট ইস্যু করা হয়। বিভিন্ন সরকারি সংস্থার নথির উপর ভিত্তি করে দেওয়া হয় পাসপোর্ট।” এখনও পর্যন্ত ১ কোটি ৪৭ লক্ষ ই-পাসপোর্ট ইস্যু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গত বছরই চিপ নির্ভর পাসপোর্টের সূচনা ঘটে।
তাৎপর্যপূর্ণ ভাবে ভারতীয় পাসপোর্ট একটি বিশেষ বার্তা বহন করে যে, সেটি ভারত সরকারের সম্পত্তি। সরকার চাইলে যখন খুশি সেটি ফিরিয়ে নিতে পারে। সেক্ষেত্রে পাসপোর্ট সমর্পণ করতেই হবে।তবে পাসপোর্টকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গণ্য না করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একজন লেখেন, ‘বিদেশমন্ত্রক বলছে, পাসপোর্ট নাগরিকত্বের নথি নয়। সুপ্রিম কোর্ট বলছে, আধার নাগরিকত্বের নথি নয়, ভোটার কার্ডও নাগরিকত্বের নথি নয়….বিজেপি-র কার্ড বা কাগজই হয়ত এখন একমাত্র প্রমাণ’।
MEA : Passport is not document of citizenship.
Supreme Court :
Aadhaar is not a document of citizenship
Voter ID is not a document of citizenship.What will Passport Anchor and Canadian Samraat now flaunt outside India??
BJP card and patta seems to be the only proof now.. pic.twitter.com/C0oArtPxA3— D (@Deb_livnletliv) June 24, 2026
আরও পড়ুন: উড়তে উড়তে হঠাৎ পাকিস্তানে ঢুকে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, লাহৌর থেকে এল সতর্কবার্তা, তার পর…
এমনকি চিত্রনাট্যকর, গীতিকার তথা কবি জাভেদ আখতারও এ নিয়ে মুখ খুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘বিদেশমন্ত্রক বলছে পাসপোর্ট ব্রমণের নথি, নাগরিকত্বের প্রমাণ নয়। সত্যিই? তাহলে কি ভারতীয় নাগরিক নয় জেনেও কিছু লোককে পাসপোর্ট দেওয়া হচ্ছে? অদ্ভুত ব্যাপার’।
The ministry of external affairs says that a passport is a document travel not the proof of citizen ship . Really ??? . So are they providing this travel document to some people with out being totally convinced that this person is an Indian citizen ?? . It is absurd .
— Javed Akhtar (@Javedakhtarjadu) June 24, 2026
নাগরিকত্বের প্রমাণপত্র তাহলে কী?
সাম্প্রতিক কালে নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। বিশেষ করে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR ঘিরে গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়, যে বিভ্রান্তি ছড়ায়, তাতে বিতর্ক চরমে পৌঁছয়। সেই নিয়ে শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায়, আধার কার্ডও নাগরিকত্বের পরিচয় নয়। সেটি পরিচয়পত্র হিসেবেই গণ্য হবে। একই ভাবে ভোটার পরিচয়রত্রকে বসবাসের পরিচয়পত্র হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয়, ভোটার কার্ড থাকলেই কেউ নাগরিক হয়ে যাবেন না। ফলে এদিনের ঘোষণায় নতুন করে প্রশ্ন উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। প্যান কার্ডও নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গৃহীত হয় না।
জন্মসূত্রে ভারতের নাগরিক কারা?
- ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১ জুলাই পর্যন্ত ভারতে জন্ম গ্রহণকারী মানুষ জন্মসূত্রে নাগরিক।
- ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে জন্ম যাঁদের, তাঁদের মা-বাবার মধ্যে অন্তত একজনকে ভারতের নাগরিক হতে হবে।
- ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পর যাঁরা জন্মেছেন, তাঁদের মা-বাবার দু’জনকেই অথবা একজনকে ভারতের নাগরিক হতে হবে। একজন বেআইনি অনুপ্রবেশকারী হলে চলবে না।
Taratala Building Shed Collapsed : উদ্ধার করা গিয়েছে ২১ জনকে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী, এখন কী অবস্থা তাঁদের?