Last Updated:
Plane Crash: বেজিংয়ের ১০৯ তলা উঁচু টাওয়ারের গায়ে ধাক্কা প্লেনের৷ টুকরো টুকরো হয়ে নীচে পড়ে প্লেনের ভাঙা অংশ৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার শিউরে ওঠা ভিডিও৷
বেজিং: আকাশছোঁয়া এক অট্টালিকার গায়ে গিয়ে সজোরে ধাক্কা খেল বিমান৷ তারপরেই ঘন কালো ধোঁয়া টুকরো টুকরো নীচে পড়ছে প্লেনের ভাঙা অংশ৷ কোনও সিনেমার দৃশ্য নয়৷ চিনের গমগমে শহর বেজিংয়েই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দাবি করা হয়েছে, চিনের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত একটি ছোট বিমান বেজিংয়ের সর্বোচ্চ অট্টালিকা ১০৯ তলা সিটিক টাওয়ার (চায়না জুন)-এ আছড়ে পড়েছে। সংঘর্ষের জেরে ওই অট্টালিকার দুটি জানালা ভেঙে গিয়েছে বলেও জানা গিয়েছে৷
চিনের অন্যতম উঁচু বিখ্যাত এই টাওয়ারে দুর্ঘটনার ঘটনায় হইচই বিশ্বজুড়ে৷ ভাইরাল ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, প্রায় ১,৭০০ ফুট উঁচু বাড়িটির উপর থেকে বিমানের ধ্বংসাবশেষ নিচে পড়ছে। টাওয়ারের নীচের তলায় ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায় এবং চারদিকে ছড়িয়ে রয়েছে বিমানের ভাঙা অংশ।
জানা গিয়েছে, দুর্ঘটনার পর গোটা ভবনটি খালি করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছেন, তা স্পষ্ট নয়। ভাইরাল হওয়া এই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চাওইয়াং জেলার কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় অবস্থিত এই সুপার হাই-রাইজ ভবনটি চিনের তৃতীয় সর্বোচ্চ অট্টালিকা। এর আগে রয়েছে সাংহাই টাওয়ার এবং পিং আন ফাইন্যান্স সেন্টার।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল সানওয়ার্ড SA 60L অরোরা (রেজিস্ট্রেশন: B-12PP), যা চিনে নির্মিত অন্যতম সফল হালকা বিমান। ভবনের পাশে বিমানের একটি ডানা পড়ে থাকতে দেখা যায়। অন্য একটি ছবিতে ভবনের গায়ে বড়সড় গর্তও দেখা গেছে।
Kolkata,West Bengal
