Last Updated:
দশম শ্রেণির এক ছাত্রী, তার দ্বাদশ শ্রেণিতে পড়া এক বন্ধু এবং একাদশ শ্রেণির আরেক ছাত্র—এই তিন শিক্ষার্থী গত বৃহস্পতিবার থামারাশেরি থেকে নিখোঁজ হয়ে যায়। এরপর কেরল ও কর্ণাটক পুলিশ, সাইবার সেলের সহায়তায়, তাদের খুঁজে বের করতে যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে।
কোচি: পরিবার ও পুলিশকে চরম উৎকণ্ঠায় ফেলে কেরলের কোঝিকোড় জেলার থামারাশেরি থেকে পালিয়ে যাওয়া তিন স্কুলপড়ুয়াকে ওয়ায়ানাড়ের একটি পাহাড়ি এলাকা থেকে নাটকীয় অভিযানে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে দশম শ্রেণির এক ছাত্রী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়া তার দুই বন্ধু। অত্যন্ত পরিকল্পিতভাবেই তারা এই পালানোর পরিকল্পনা করেছিল। শুক্রবার গভীর রাতে নাটকীয় ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।
পালানোর জন্য টাকা জোগাড় করতে তারা প্রথমেই দলের এক সদস্যের প্রায় ১৮ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন থামারাশেরির একটি দোকানে ১০ হাজার টাকায় বিক্রি করে। পুলিশের সাইবার সেল যাতে তাদের খুঁজে বের করতে না পারে, তার জন্য বাকি দুটি মোবাইল ফোনও বন্ধ (সুইচ অফ) করে দেয়। দীর্ঘদিন জঙ্গলে আত্মগোপন করে থাকার উদ্দেশ্যে তারা আগে থেকেই ত্রিপল, চাল, পাউরুটি, ছুরি, রান্নার পাত্র-সহ প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়ে গিয়েছিল।
বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার কথা বলে ১৫ বছর বয়সী দশম শ্রেণির ওই ছাত্রী বাড়ি থেকে বের হয়। কিন্তু ক্লাস শুরু হওয়ার পরও সে স্কুলে না পৌঁছালে শিক্ষকরা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে স্কুলের কাছের একটি রবার বাগান থেকে ওই ছাত্রীর স্কুল ইউনিফর্ম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। এরপরই জানা যায়, একই স্কুলের ১৭ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক ছাত্র এবং তার বন্ধু, একাদশ শ্রেণির আরেক ছাত্রও নিখোঁজ রয়েছে। তিন শিক্ষার্থীর সঙ্গে তাদের ব্যবহৃত দুটি সাইকেলও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
Kolkata,West Bengal
