Last Updated:
কর্নাটকের এক অপহরণের ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। চলন্ত ক্যাব থেকে পালিয়ে প্রাণ বাঁচান এক তরুণী। তার কয়েক সেকেন্ড পরেই বিস্ফোরণে মৃত্যু হয় অভিযুক্ত অপহরণকারীর। তদন্তে নেমেছে পুলিশ
কর্নাটকের তুমাকুরু জেলায় এক অপহরণকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে। চলন্ত ক্যাব থেকে পালিয়ে প্রাণ বাঁচান এক তরুণী। তার কয়েক সেকেন্ড পরেই ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় অভিযুক্ত অপহরণকারীর।
অভিযোগ, নাগেন্দ্র জোর করে তরুণীকে একটি হলুদ নম্বরপ্লেটের উবার ক্যাবে তুলে আঙ্কোলার দিকে রওনা দেন। তরুণীর খোঁজ না পেয়ে তাঁর পরিবারের সদস্যরা জয়নগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন।
পুলিশের দাবি, যাত্রাপথে নাগেন্দ্র তরুণীকে খুন করার হুমকি দেন এবং পরে নিজেও আত্মহত্যা করবেন বলে জানান। তদন্তে জানা গিয়েছে, তাঁর কাছে একটি বিস্ফোরকের মতো দেখতে কিছু ছিল, যা তিনি তরুণীকে দেখিয়েছিলেন। যদিও পরে এই ঘটনার নাটকীয় মোড় নেয়। অভিযোগ, চলন্ত গাড়ির মধ্যেই নাগেন্দ্র ছুরি দিয়ে তরুণীর উপর হামলা চালান। পরিস্থিতি বুঝে ক্যাবচালক দ্রুত গাড়ি থামিয়ে দেন। সেই সুযোগে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন তরুণী।
পুলিশ জানিয়েছে, তরুণী গাড়ি থেকে বেরিয়ে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ক্যাবটি এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। নাগেন্দ্র গাড়ির ভিতরেই আটকে পড়েন এবং দমকল বা উদ্ধারকারী দল পৌঁছনোর আগেই আগুনে পুড়ে তাঁর মৃত্যু হয়।
তুমাকুরুর পুলিশ সুপার অশোক কেভি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে নাগেন্দ্রর কাছে একটি বিস্ফোরক ছিল এবং তিনি ইচ্ছাকৃতভাবেই বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারেন। গাড়ি থেকে বিস্ফোরক সদৃশ কিছু সামগ্রীও উদ্ধার করা হয়েছে। কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল, কীভাবে বিস্ফোরণ ঘটল এবং ওই বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ একটি মামলা রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
