Last Updated:
পুণের ব্যবসায়ীর পুত্র কেতনের সঙ্গে সিয়ার বিয়ে ঠিক হয়েছিল। বাগদান পর্বও সারা হয়ে গিয়েছিল। কিন্তু গত ১৮ জুন লোনাভালার লোহাগড় দুর্গ থেকে পড়ে মারা যান কেতন। অভিযোগ, তাঁকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছেন বাগদত্তা সিয়া এবং তাঁর প্রেমিক চেতন চৌধরী। তিন বছর ধরে চেতনের সঙ্গে সিয়া প্রেমের সম্পর্কে ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। দু’জনেই আপাতত পুলিশি হেফাজতে।
পুণে: পুণের ব্যবসায়ী কেতন আগরওয়ালকে হত্যার অভিযোগে অভিযুক্ত সিয়া গয়ালের বাবা প্রবীণ গয়াল হৃদরোগে আক্রান্ত হয়ে আপাতত হাসপাতালে ভর্তি হয়েছেন। বহুল আলোচিত এই মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য সামনে আসছে।
হাসপাতাল থেকে পুণে-ভিত্তিক স্থানীয় সংবাদমাধ্যম নিউজডটজ (NewsDotz)-কে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ গয়াল বলেন, কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনায় তাঁদের পরিবার গভীরভাবে শোকাহত। পাশাপাশি তিনি সিয়া ও কেতনের বিয়ে উপলক্ষে উদয়পুরে বিলাসবহুল অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল—এমন খবরও খারিজ করে দেন। তিনি বলেন, “কোনও ফ্লাইট বুকিং করা হয়নি। উদয়পুরে হোটেল বুকিং-সহ পুরো বিয়ের খরচ ৩ থেকে ৫ কোটি টাকার মধ্যে হত।” এই বক্তব্যের মাধ্যমে তিনি বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা উড়িয়ে দেন।
পাশাপাশি কেতনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে সিয়ার বাবা প্রবীণ গয়াল বলেন, তাঁদের পরিবার কেতনকে নিজেদের ছেলের মতোই মনে করত। তিনি বলেন, “যা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক। এখনও আমরা বিশ্বাস করতে পারছি না। ওঁরা তাঁদের ছেলেকে হারিয়েছেন, আর সেই ছেলে আমাদেরও ছিল। আমরা ওকে ভীষণ ভালবাসতাম। আমি ওর সঙ্গে এতটাই জড়িয়ে পড়েছিলাম যে, মনে হতো ও আমাদের নিজের ছেলেই।”
অন্যদিকে, সিয়ার মা পূজা গয়াল বলেন, আদালতে যদি তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে সিয়ার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।
‘‘যদি ও দোষী হয়, তাহলে ওর কঠোরতম শাস্তি হওয়া উচিত। দোষী প্রমাণিত হলে ওকে ফাঁসি দেওয়া হোক। একজন মা হিসেবে আমি এই কথাই বলছি,’’ NewsDotz-কে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেন সিয়ার মা।
লোহাগড় দুর্গ থেকে গত ১৮ জুন খাদে পড়ে যান কেতন অগ্রবাল। বাগ্দত্তা সিয়া গয়ালের সঙ্গে ওই দুর্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। প্রাথমিক ভাবে পুলিশ একে দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই মনে করেছিল। কিন্তু পরে খুনের ঘটনা প্রকাশ্যে আসে। জানা যায়, সিয়া তাঁর প্রেমিক চেতন চৌধরীর সঙ্গে মিলে কেতনকে খুন করেছেন। তাঁদের দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় একে অপরকে দোষারোপ করছেন সিয়া-চেতন।
Kolkata,West Bengal
