Last Updated:
Vietnam Boat Mishap: এই ট্যুরের আয়োজন করেছিল ভিয়েতনামভিত্তিক থ্রিল্যান্ড ট্রাভেল (Threeland Travel), যার স্থানীয় সমন্বয়কারী সংস্থা ছিল সাই ভিয়েতনাম (Sai Vietnam)। এছাড়া, ভারতীয় পর্যটক দলটির সঙ্গে মোবাইল ফোন নির্মাতা সংস্থা লাভা ইন্টারন্যাশনাল (Lava International)-এরও যোগাযোগ ছিল বলে জানা গেছে।
হো চি মিন সিটি: ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে নৌকাডুবিতে ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যুর পর, এই দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়েছেন। তিনি জানান, স্পিডবোটটি সমুদ্রে উল্টে যাওয়ার পর প্রাণ বাঁচাতে যাত্রীরা মরিয়া হয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন। তামিলনাড়ুর পালানি এলাকার বাসিন্দা নির্মল কুমার এই দুর্ঘটনার জীবিতদের অন্যতম। তিনি সংবাদসংস্থা পিটিআই-কে জানান, দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে, দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নির্মল কুমার জানান, মোট ৩৯ জন যাত্রীকে নিয়ে নৌকাটি দুপুরের খাবার খাওয়ার জন্য রওনা দিয়েছিল। কিন্তু প্রবল ঢেউ এবং সম্ভবত অতিরিক্ত যাত্রী বহনের কারণে কয়েক সেকেন্ডের মধ্যেই স্পিডবোটটি উল্টে যায়। তাঁর কথায়, ২০ জন কোনওভাবে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও ১৫ জন নৌকার ভেতরেই আটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে ভিয়েতনাম কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারী দল তিনজন ক্রু সদস্য ও একজন পরিচারক-সহ মোট ২১ জনকে জীবিত উদ্ধার করে। তবে এই দুর্ঘটনায় দুই মহিলা ও ১৩ জন পুরুষসহ মোট ১৫ জন পর্যটকের মৃত্যু হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ১৭ জন যাত্রী এবং নৌকার চারজন ক্রু সদস্য। কর্তৃপক্ষ জানিয়েছে, নৌকায় থাকা মোট ৩৬ জনের সকলের খোঁজ মিলেছে। তবে জীবিতদের মধ্যে দু’জনের অবস্থা এখনও সংকটজনক।
ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস ফু কুয়ক দ্বীপের কাছে নৌকাডুবিতে নিহত ১৫ ভারতীয় পর্যটকের নাম প্রকাশ করেছে। দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১০ জন তামিলনাড়ুর, তিনজন অন্ধ্রপ্রদেশের এবং দু’জন কেরলের বাসিন্দা।
অন্ধ্রপ্রদেশের নিহতদের একজন, এম. বালাজির পরিবারের সদস্যরা সংবাদসংস্থা এএনআই-কে বলেন, “আমরা শুনেছি তিনি নৌকাডুবিতে মারা গিয়েছেন। কিন্তু এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য পাইনি। তাই বিষয়টি বিশ্বাস করা খুব কঠিন।”
New Delhi,Delhi
