Last Updated:
US-Iran War: ইরানের দক্ষিণে হরমুজ প্রণালির কাছে ফারুর দ্বীপে নতুন করে মার্কিন হামলার অভিযোগ উঠেছে। ইরানের দাবি, এই হামলায় এক টেলিযোগাযোগ আধিকারিক নিহত এবং দু’জন আহত হয়েছেন। যদিও মার্কিন প্রশাসন এখনও এই ঘটনার সত্যতা নিশ্চিত করেনি।
তেহরান: নতুন করে ফের যুদ্ধ পরিস্থিতি তীব্র হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে৷ ইরানের দক্ষিণাঞ্চলে ফের মার্কিন হামলার অভিযোগ উঠল। ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা মেহর নিউজ এজেন্সি-র দাবি, রবিবার সন্ধ্যায় হরমোজগান প্রদেশের ফারুর (Farur) দ্বীপে মার্কিন বিমান হামলায় এক টেলিযোগাযোগ বিভাগের আধিকারিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন।
যদিও এই মৃত্যুর ঘটনার সত্যতা এখনও মার্কিন প্রশাসনের তরফে স্বাধীনভাবে নিশ্চিত করা হয়নি। ইরানও আহতদের পরিচয় বা হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM)-এর দাবি, সাম্প্রতিক অভিযানে ইরানের একাধিক সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবকাঠামো, উপকূলীয় নজরদারি ব্যবস্থা এবং নৌ-সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, হামলার প্রভাব পড়েছে বন্দর আব্বাস, বুশেহর এবং পারস্য উপসাগরের একাধিক দ্বীপেও।
ফারুর দ্বীপটি ইরানের হরমোজগান প্রদেশে, বন্দর লেঙ্গেহ শহরের কাছে পারস্য উপসাগরে অবস্থিত। দ্বীপটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালির খুব কাছেই।
বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই যাতায়াত করে। ফলে এই অঞ্চল আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
ফারুর দ্বীপের আশপাশে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ নৌপথ রয়েছে। তাই এই এলাকায় যে কোনও সামরিক তৎপরতা আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়।
Kolkata,West Bengal
