Last Updated:
Bankura News: বিরাট কোহলির ভক্ত আকাশ, ফেলে দেওয়া জিনিসেই গড়ে তুলছে অনন্য খুদে ক্রিকেট দুনিয়া
বাঁকুড়া: বাঁকুড়া জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র আকাশ সিনহা মহাপাত্র। অত্যন্ত শান্ত, বিনয়ী ও নিয়মনিষ্ঠ এই পড়ুয়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের কাছে যেমন প্রিয়, তেমনই সহপাঠীদের কাছেও। পড়াশোনার পাশাপাশি নিজের আগ্রহেই বাড়িতে ফেলে দেওয়া কার্ডবোর্ড, পিচবোর্ড ও কাগজ দিয়ে তৈরি করছে একের পর এক ক্ষুদ্রাকৃতির মডেল। তার সৃজনশীলতার সবচেয়ে বড় পরিচয় মিলেছে বিরাট কোহলির প্রতি ভালবাসায়। নিজের হাতে সে তৈরি করেছে বিরাট কোহলির ব্যাট, ব্যাট রাখার ব্যাগ, উইকেট, বেল, ক্রিকেট বল এবং বিরাট কোহলির জার্সির ক্ষুদ্র প্রতিরূপ, যা অত্যন্ত নিখুঁত ও পরিপাটি।
আকাশ জানিয়েছে, পড়াশোনার ফাঁকে সময় পেলেই সে এই ধরনের মডেল তৈরির কাজে ব্যস্ত থাকে। প্রতিটি মডেলেই ফুটে ওঠে তার যত্ন, ধৈর্য এবং বিষয়টির প্রতি গভীর অনুরাগ। অল্প বয়সেই তার এই সৃষ্টিশীলতা অনেকের প্রশংসা কুড়িয়েছে। শুধু শিল্পচর্চাই নয়, নিয়মানুবর্তিতা ও ভদ্র আচরণের জন্যও বিদ্যালয়ে সে একটি উজ্জ্বল উদাহরণ। এমন ছাত্ররা সাধারণত কোলাহল, বিশৃঙ্খলা বা অকারণ ঝগড়া থেকে দূরে থাকে এবং বন্ধুদের কাছেও অত্যন্ত প্রিয় হয়ে ওঠে।
বিদ্যালয়ের কলা বিভাগের শিক্ষক মহাদেব মুখোপাধ্যায় বলেন, ‘‘বর্তমান সময়ে মোবাইল ফোনের আকর্ষণের মধ্যেও আকাশের মত ছাত্রের শিল্পচর্চা সত্যিই বিরল। তাঁর মতে, শিশুদের অবসর সময় যদি ছবি আঁকা, মডেল মেকিং, সংগীত, আবৃত্তি, নৃত্য, যোগাসন বা বাদ্যযন্ত্র চর্চার মত সৃষ্টিশীল কাজে ব্যয় হয়, তাহলে তাদের ব্যক্তিত্ব ও আচরণ আরও সুন্দরভাবে বিকশিত হবে। তিনি মনে করেন, এমন আকাশ প্রতিটি বাড়িতে থাকা উচিত।’’
অভিভাবকদের প্রতিও আবেদন জানিয়েছেন মহাদেব মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘শুধু পরীক্ষায় ভাল নম্বর পেলেই একটি শিশুর সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত হয় না। তাই পড়াশোনার পাশাপাশি সন্তানদের সৃজনশীল প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং তাঁদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত জরুরি। আকাশের মত ছাত্ররা বিদ্যালয়ের গর্ব। তাদের প্রতিভা ও মূল্যবোধকে লালন করা সমাজের সকলের দায়িত্ব।’’
Neelanjan Banerjee