Last Updated:
Pralhad Joshi: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় প্রহ্লাদ যোশী জানালেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আস্থার মর্যাদা রেখে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নয়াদিল্লি: শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান৷ তারপরেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীকে৷ কার্যত অস্থির পরিস্থিতিতেই শিক্ষা নিয়ে তাঁর উপর আস্থা রেখেছে মোদি সরকার৷ দায়িত্ব নিয়ে প্রথম প্রতিক্রিয়ায় প্রহ্লাদ যোশী জানালেন, ‘‘আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি তা সর্বোচ্চ নিষ্ঠা ও সামর্থ্য দিয়ে পালন করার চেষ্টা করব’’৷
শিক্ষামন্ত্রকের দায়িত্ব পাওয়ার পর তিনি জানালেন, তিনি বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাঁর উপর আস্থা রাখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। পাশাপাশি, প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি (NEP) বাস্তবায়নের ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করাই তাঁর লক্ষ্য।
প্রহ্লাদ যোশী বলেন, “আমি কর্তব্যবোধ ও বিনয়ের সঙ্গে এই দায়িত্ব গ্রহণ করছি। এই দায়িত্ব দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশ বহু ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। গত চার থেকে পাঁচ বছরে ধর্মেন্দ্র প্রধান জাতীয় শিক্ষানীতি সফলভাবে বাস্তবায়ন করেছেন এবং শিক্ষা ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের নতুন শিক্ষা ব্যবস্থা উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমি সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করব এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালন করব।”
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় প্রহ্লাদ যোশীকে। NEET-UG প্রশ্নফাঁসের অভিযোগ এবং পরীক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভের আবহেই এই পরিবর্তন ঘটেছে।
Kolkata,West Bengal
Jul 26, 2026 12:10 AM IST
