Last Updated:
Nadia News: প্রাচীন নবদ্বীপ মহাশ্মশানে পরিষেবা ব্যাহত হওয়ার মুখে। ডোমের অভাব থেকে শুরু করে মদ্যপদের বিশৃঙ্খলা, নিত্যদিনের হেনস্তার মুখে পড়ছেন শ্মশান কর্মীরা। অতি সম্প্রতি ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার পর স্থায়ী পুলিশি নিরাপত্তা ও শূন্যপদ পূরণের দাবি উঠেছে জোরকদমে।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নিরাপত্তাহীন নবদ্বীপ মহাশ্মশান, কর্মীর অভাবে ব্যাহত পরিষেবা, বাড়ছে উদ্বেগ। নদিয়া জেলার অন্যতম প্রাচীন ও ব্যস্ত শ্মশান নবদ্বীপ মহাশ্মশান। জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, প্রতিবেশী জেলা ও রাজ্য থেকেও বহু মানুষ তাঁদের প্রিয়জনের শেষকৃত্য সম্পন্ন করতে এখানে আসেন। অনেকেরই শেষ ইচ্ছা থাকে মৃত্যুর পর এই মহাশ্মশানেই যেন দাহ করা হয়। সেই কারণে সারা বছরই এখানে মৃতদেহ সৎকারের চাপ থাকে। বর্তমানে শ্মশানে তিনটি বৈদ্যুতিক চুল্লি, কাঠের চুল্লি এবং মৃতদেহ সংরক্ষণের পরিকাঠামো রয়েছে। তবে পরিকাঠামো থাকলেও কর্মী সংকট ও নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।
শ্মশান সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একজন ডোম এবং একজন অপারেটরের অভাব রয়েছে। দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ না হওয়ায় পরিষেবা চালাতে সমস্যায় পড়তে হচ্ছে। পূর্বের অনেক কর্মী মারা গিয়েছেন বা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েছেন। ফলে অস্থায়ী কর্মীদের দিয়েই কোনওরকমে পরিষেবা চালানো হচ্ছে। এমনকি ডোমের অভাবে অনভিজ্ঞ কয়েকজন যুবককে দিয়ে চুল্লির কাজ করাতে হচ্ছে বলেও অভিযোগ।
এদিকে পুলিশ জানিয়েছে, কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে খবর পেলেই দ্রুত পুলিশ পাঠানো হবে। যদিও শ্মশান কর্মীদের দাবি, তাৎক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী নিরাপত্তারক্ষী ও শূন্যপদে দ্রুত নিয়োগই এখন সময়ের দাবি। সম্প্রতি নবদ্বীপ পৌরসভা প্রশাসকের অধীনে পরিচালিত হচ্ছে। তাই নতুন প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানের আশায় রয়েছেন শ্মশানের কর্মীরা।
Nadia,West Bengal