Last Updated:
Earthquake: তীব্র ভূমিকম্প অনুভূত জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে৷ সূত্রের খবর, রিখটার স্কেলে কম্পনের পরিমাণ ৭.১৷ উপকূলবর্তী এলাকাগুলির জন্য সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দফতর
টোকিও: জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশু-র কুমামোটো উপকূলের কাছে মঙ্গলবার বিকেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরেই জাপান আবহাওয়া সংস্থা (JMA) উপকূলবর্তী এলাকাগুলির জন্য সুনামি সতর্কতা জারি করেছে।
জেএমএ-র তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (GMT 07:27) সমুদ্রতলের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। সংস্থাটি জানিয়েছে, জাপানের শিন্ডো ভূকম্পন স্কেলে সর্বোচ্চ ৭ মাত্রার কম্পন অনুভূত হয়েছে, যা ভূমির কম্পনের তীব্রতা নির্দেশ করে।
প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে, প্রায় ১ মিটার (৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউ স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে উপকূলের কিছু অংশে আছড়ে পড়তে পারে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে (NHK) জানিয়েছে, কয়েকটি এলাকায় ইতিমধ্যেই ওই উচ্চতার ঢেউ রেকর্ড হয়ে থাকতে পারে।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থল রয়েছে। ফলে জাপানে প্রতি বছর শত শত ভূমিকম্প হয় এবং বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ এই দেশেই ঘটে। যদিও অধিকাংশ ভূমিকম্প তুলনামূলকভাবে কম শক্তিশালী, তবে ক্ষয়ক্ষতির মাত্রা নির্ভর করে ভূমিকম্পের অবস্থান ও গভীরতার উপর।
২০১১ সালের মার্চ মাসে জাপানে আঘাত হানা ৯.০ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮,৫০০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা এখনও দেশবাসীর স্মৃতিতে তাজা। সেই বিপর্যয়ের জেরেই ঘটে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা, যা বিশ্বের অন্যতম ভয়াবহ পারমাণবিক বিপর্যয় হিসেবে পরিচিত।
সম্প্রতি, ২৫ জুন উত্তর জাপানে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প হলেও তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে ৭.৭ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন আহত হন এবং টোকিওর বহু উঁচু ভবন দুলে ওঠে। সেই ঘটনার পর সম্ভাব্য ৮.০ বা তার বেশি মাত্রার ভূমিকম্পের আশঙ্কায় এক সপ্তাহের জন্য বিশেষ সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ।
Kolkata,West Bengal
