Last Updated:
Language Passport: নমস্কার, নমস্তে, সালাম, আদাব থেকে ভানাক্কম – গ্রামবাংলার এক সরকারি প্রাথমিক স্কুলে প্রতিদিন ধ্বনিত হচ্ছে বিশ্বের ১০১টি আলাদা ভাষার সম্ভাষণ! মুর্শিদাবাদের বেলডাঙা চক্রের আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ে তৈরি হয়েছে বিশ্বভাষার গ্যালারি ও ‘ল্যাঙ্গুয়েজ পাসপোর্ট’। যা খুদে পড়ুয়াদের অনেকটা এগিয়ে রাখছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: ‘নমস্কার’, ‘নমস্তে’, ‘নমঃ’, ‘সালাম’, ‘আদাব’, ‘ভানাক্কম’। একের পর এক ভেসে আসছে বিভিন্ন ভাষার প্রয়োগ। মুহূর্তের জন্য মনে হতে পারে, যেন কোনও আন্তর্জাতিক ভাষা উৎসব চলছে। কিন্তু না, দৃশ্যটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা চক্রের ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয় ভাষার হাত ধরে শিশুদের সামনে খুলে দিয়েছে বিশ্বের জানালা।‘ ভারতীয় ভাষা ক্যাম্প–২০২৬’ উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী এই বিশেষ কর্মসূচিতে পড়ুয়ারা প্রথমে শিখেছে ভারতের ২২টি তফসিলভুক্ত ভাষায় সম্ভাষণ।
তারপর ধাপে ধাপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া–ওশেনিয়ার বিভিন্ন ভাষায় শুভেচ্ছা জানাতে শিখেছে। সবমিলিয়ে তারা পরিচিত হয়েছে বিশ্বের ১০১টি স্বতন্ত্র ভাষার সম্ভাষণ, মূল লিপি এবং বাংলা উচ্চারণের সঙ্গে। ভাষা প্রয়োগ শিক্ষনের পাশাপাশি শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, লোককথা, কবিতা, গল্প, কথোপকথন, পোশাক এবং উল্লেখযোগ্য স্থান। বিদ্যালয়জুড়ে তৈরি হয়েছে ১০১টি ভাষায় সম্ভাষণ গ্যালারি, মহাদেশভিত্তিক ভাষা-চার্ট এবং আকর্ষণীয় ল্যাঙ্গুয়েজ কর্নার, যা দেখতে ভিড় করছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও।
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ বিদ্যালয়ের উদ্ভাবিত ‘ল্যাঙ্গুয়েজ পাসপোর্ট’। শেখার অগ্রগতির ভিত্তিতে শিক্ষার্থীদের ব্রোঞ্জ, সিলভার ও গোল্ড ল্যাঙ্গুয়েজ পাসপোর্ট দেওয়া হচ্ছে। ভারতের ২২টি তফসিলভুক্ত ভাষা সম্পূর্ণ করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ‘ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোরার পাসপোর্ট’। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচিতে অংশ নেওয়া ১০০ জন শিক্ষার্থী এনসিইআরটি-র ‘ভারতীয় ভাষা সামার ক্যাম্প-২০২৬’-এর অংশগ্রহণ সনদ অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, “একটি সম্ভাষণ ভাষা প্রয়োগ শুধু একটি শব্দ নয়, এটি অন্যের ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানানোর প্রথম ধাপ। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সেই মূল্যবোধ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর চেতনাকে বাস্তবে অনুভব করানোর পাশাপাশি বিশ্বের ভাষা ও সংস্কৃতির প্রতিও তাদের কৌতূহল তৈরি করতে চাই।”ছোট্ট একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ সেখান থেকেই প্রতিদিন ধ্বনিত হচ্ছে ‘নমস্কার’ থেকে ‘ভানাক্কম’, ভারত থেকে বিশ্ব। ভাষার সেতুবন্ধনে সম্প্রীতি, বৈচিত্র্য আর শিক্ষার এই অনন্য উদ্যোগ মুর্শিদাবাদের শিক্ষাক্ষেত্রে নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য সংযোজন।
Murshidabad,Murshidabad,West Bengal
Jul 29, 2026 12:19 PM IST