Last Updated:
Murshidabad Bizarre News: মুর্শিদাবাদের গোকর্ণে চাঞ্চল্যকর ঘটনা। প্রাপ্তবয়স্ক নবদম্পতীকে থানায় তলব ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রীও। কেন ডাকা হয়েছিল ওই দম্পতিকে, কী অভিযোগ উঠেছে এবং এরপর কী ঘটল? গোটা ঘটনার বিস্তারিত জানুন…
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: রাজ্যে নতুন সরকার নারীদের সুরক্ষা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন, কোনও মহিলা, কন্যার ওপর কোনও ঘটনা ঘটলে কারও নির্দেশের অপেক্ষা করবেন না। পুলিশকে তাঁর নির্দেশ, যা করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে সুরক্ষা দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী।
নারী সুরক্ষায় মুখ্যমন্ত্রী, পুলিশকে এত বড় ছাড় দিলেও এবার মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত গোকর্ণ পুলিশ ফাঁড়ির আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ উঠল এক প্রাপ্তবয়স্ক যুবক-যুবতী স্বেচ্ছায় বিয়ে করার পর মহিলার ডাক্তারি পরীক্ষা করানোর চেষ্টার। যদিও এই ঘটনার খবর পাওয়ার পরে রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী তথা কান্দির বিজেপি বিধায়ক গার্গী দাস ঘোষ সটান পৌঁছে যান পুলিশ ফাঁড়িতে। রাজ্যের মন্ত্রী ফাঁড়িতে আসছেন এমন খবর পেয়েই প্রাপ্তবয়স্ক ওই যুবক-যুবতীকে পুলিশ ফাঁড়ি থেকে ছেড়ে দেয় বলে অভিযোগ। গোকর্ণ ফাঁড়িতে পৌঁছে পুলিশের এই ‘স্বেচ্ছাচারী’ আচরণের বিরুদ্ধে কঠোর ভাষায় সরব হন রাজ্যের মন্ত্রী গার্গী দাস ঘোষ। গোটা বিষয় তিনি জেলার পুলিশ সুপারের নজরে আনবেন বলেও হুঁশিয়ারি দেন।
রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ বলেন, “এক প্রাপ্তবয়স্ক দম্পতিকে পুলিশ গোকর্ণ ফাঁড়িতে ধরে এনেছে এবং মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে খবর পাই।” অভিযোগ উঠেছে, মন্ত্রী ফাঁড়িতে আসছি বলার পরেই হঠাৎই কোনও কারণ ছাড়াই ওই দম্পতিকে গার্গী দাস ঘোষ পুলিশ ফাঁড়িতে এসে পৌঁছনোর আগেই সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। মন্ত্রীর অভিযোগ, “গোকর্ণ ফাঁড়ির কয়েকজন আধিকারিক এবং ভারপ্রাপ্ত আধিকারিক সম্পর্কে গত তিনমাসে আমার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। কিছু পুলিশ আধিকারিকের সমর্থনের জন্য এই এলাকায় তৃণমূল নেতাদের দাপট এখনও রয়ে গিয়েছে। এই ফাঁড়িতে গ্রামবাসীদের ভয় দেখিয়ে অবৈধ সুযোগ-সুবিধা আদায় করা হয়। এই ফাঁড়িতে বিশাল কিছু ‘লেনদেন’ চলছে বলেও আমার কাছে খবর রয়েছে। আমি এটা বন্ধ করতে চাই, গোটা বিষয়টি আমি পুলিশ সুপারের নজরে আনব।”
যদিও মন্ত্রী ফাঁড়িতে থাকাকালীন সময়ে পুলিশের তরফে তাঁকে বোঝানোর চেষ্টা করা হয়, বিয়ে সংক্রান্ত কোনও অভিযোগ জমা পরলে ‘এসওপি’ অনুযায়ী মহিলাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়। সেক্ষেত্রে মহিলাকে অনুমতি দিতে হয়। পুলিশের দাবি এক্ষেত্রেও ওই মহিলা অনুমতি দিয়েছিলেন।যদিও মন্ত্রী তৎক্ষণাৎ পুলিশ আধিকারিকদেরকে জানিয়ে দেন,” কারও দ্বারা প্ররোচিত হয়ে বেআইনি কাজ করবেন না। আইনের মধ্যে থেকে যা করার দরকার করবেন, অযথা মানুষকে হয়রান করবেন না।”
Murshidabad,West Bengal
Jul 29, 2026 10:21 PM IST
