Last Updated:
Mother Sells Daughter: উত্তরাখণ্ডের দেরাদুনে চাঞ্চল্যকর এক ঘটনায় ১৫ বছরের নাবালিকা কন্যাকে দেড় লক্ষ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে তাঁর নিজের মায়ের বিরুদ্ধে। অভিযোগ, পুরো টাকা না পেয়ে তিনি উল্টে অপহরণের ভুয়ো মামলা দায়ের করেন
দেরাদুন: টাকার লোভে নিজের মেয়েকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে৷ উত্তরাখণ্ডের দেরাদুনে নাবালিকা অপহরণের ঘটনার তদন্তে নেমে এমনই শিউরে ওঠা তথ্য পেল পুলিশ৷ ঘটনায় অভিযুক্ত মা-সহ আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তদন্তে উঠে এসেছে, আর্থিক লাভের আশায় ৩৫ বছর বয়সি ওই মহিলা নিজের ১৫ বছরের মেয়েকে দেড় লক্ষ টাকায় বিক্রি করেছিলেন। পরে পুরো টাকা না পেয়ে তিনি মেয়ের অপহরণের ভুয়ো অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেরাদুনের সহস্ত্রধারা রোড এলাকার বাসিন্দা ওই মহিলা গত মাসে রাজপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৩৭(২) ধারায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্ত চলাকালীন পুলিশ উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর থেকে নিরাপদে ওই নাবালিকাকে উদ্ধার করে। একইসঙ্গে এই মামলায় অভিযুক্ত ৩৭ বছর বয়সি মনীশ এবং ২৪ বছর বয়সি লভি কুমারকে গ্রেফতার করা হয়।
জেরায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায়, লভি কুমার নাবালিকার মায়ের কাছ থেকে পিঙ্কি মালিক (৩৭) নামে এক মহিলার মাধ্যমে দেড় লক্ষ টাকায় মেয়েটিকে কিনেছিল। পরে মেয়েটির বিয়ের ব্যবস্থা করার উদ্দেশ্যে তাকে ২ লক্ষ টাকায় মনীশের কাছে বিক্রি করে বলে অভিযোগ৷ এরপর পুলিশ পিঙ্কি মালিক এবং নাবালিকার মাকেও গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে নাবালিকার মা স্বীকার করেন যে, তিনি দেড় লক্ষ টাকায় মেয়েকে বিক্রি করেছিলেন। তবে পিঙ্কি মালিকের কাছ থেকে মাত্র ৮০ হাজার টাকা পাওয়ায় বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে তিনি মেয়ের অপহরণের মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অভিযুক্তরা অতীতেও এ ধরনের মানবপাচারের ঘটনায় যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত এখনও চলছে।
Kolkata,West Bengal
