Last Updated:
ট্রেনের টিকিট সংক্রান্ত নিয়মে বদল ৷ লোকাল হোক বা দূরপাল্লা ট্রেনের অসংরক্ষিত টিকিট (Unreserved Ticket), এবার থেকে এই ধরণের টিকিট আর বৈধ নয় ৷ নিয়ম না মানলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা ৷
আবির ঘোষাল, কলকাতা: যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ রুখতে রেলওয়ে আইন, ১৯৮৯-এর একাধিক গুরুত্বপূর্ণ ধারায় সংশোধন করা হয়েছে। নতুন নিয়মে টিকিট ছাড়া বা অনিয়মিতভাবে ভ্রমণ, সংরক্ষিত কামরায় বেআইনি প্রবেশ, প্রতিবন্ধী ও মহিলা সংরক্ষিত আসন দখল এবং টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে জরিমানার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে। প্রয়োজনে দ্রুত আইনি ব্যবস্থাও নেওয়া হবে।
নতুন সংশোধিত বিধান অনুযায়ী, ধারা ১৩৭-এ টিকিট ছাড়া বা প্রতারণার মাধ্যমে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীকে ভাড়া ও অতিরিক্ত চার্জ দিতে হবে, যার ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। অর্থ পরিশোধে অস্বীকৃতি জানালে মামলা আদালতে পাঠানো হবে এবং আদালত সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা জরিমানা, কিংবা উভয় দণ্ড দিতে পারে।
ধারা ১৫৫ অনুযায়ী, সংরক্ষিত কামরায় অনধিকার প্রবেশ করলে সর্বোচ্চ ২,০০০ টাকা এবং প্রকৃত যাত্রীর প্রবেশে বাধা দিলে সর্বোচ্চ ১,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানা না দিলে আদালত সর্বোচ্চ ৩,০০০ টাকা জরিমানা আরোপের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিকে কামরা থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিতে পারে।
ধারা ১৬২-এ মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় বা আসনে বেআইনি প্রবেশের ক্ষেত্রে জরিমানা বাড়িয়ে সর্বোচ্চ ২,৫০০ টাকা করা হয়েছে। জরিমানা না দিলে আদালত সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। তবে এই ধারায় কোনও ট্রান্সজেন্ডার ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে না।
এছাড়া ধারা ১৪২ অনুযায়ী টিকিটের অবৈধ হস্তান্তরের ক্ষেত্রে টিকিট বাজেয়াপ্ত করা হবে এবং ভাড়ার সমপরিমাণ অতিরিক্ত চার্জ-সহ ন্যূনতম ৫০০ টাকা আদায় করা হবে। অর্থ না দিলে আদালত সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা ২,০০০ টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ড দিতে পারে।
ধারা ১৩৮-এ অনুমোদিত দূরত্বের বেশি টিকিট ছাড়া ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার পার্থক্যের সঙ্গে অতিরিক্ত চার্জ দিতে হবে, যার ন্যূনতম পরিমাণ ৫০০ টাকা। অর্থ পরিশোধে ব্যর্থ হলে আদালত ১০ দিন থেকে এক মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে।
রেলওয়ে যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ, সংরক্ষিত কামরার নিয়ম মেনে চলা, অবৈধ প্রবেশ, হকারি ও ধূমপান থেকে বিরত থাকার পাশাপাশি রেলকর্মীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। রেলের দাবি, সংশোধিত এই বিধানগুলি যাত্রীদের জন্য আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে সহায়ক হবে।
Kolkata,West Bengal
