Last Updated:
South 24 Parganas News: ধৃতকে আলিপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।
জীবনতলা, দক্ষিণ ২৪ পরগনা , নবাব মল্লিক: দীর্ঘদিন পুলিশের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে চিহ্নিত মাদক পাচার মামলার পলাতক অভিযুক্ত শফিক লস্কর ওরফে পিন্টুকে গ্রেফতার করেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার পুলিশ। পুলিশের দাবি, মাদক পাচারের একাধিক মামলায় অভিযুক্ত পিন্টু দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পত্তি গড়ে তুলেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক মোত্তাকিনুর রহমানের তত্ত্বাবধানে জীবনতলা থানার ওসি ত্রিদিব মল্লিক এবং ঘুটিয়ারি ফাঁড়ির ওসি তুহিন মণ্ডলের নেতৃত্বে দক্ষিণ মাকালতলা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। সেখান থেকেই ঘুটিয়ারি শরিফের বাসিন্দা শফিক লস্করকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে কোনও মাদকদ্রব্য উদ্ধার না হলেও, পুলিশ জানিয়েছে তল্লাশিতে তাঁর বাড়ি থেকে দুটি লং রাইফেল উদ্ধার হয়েছে। অস্ত্র দুটির বৈধতা, কী উদ্দেশ্যে সেগুলি রাখা হয়েছিল এবং এর সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের দাবি, বহু বছর আগে ঘুটিয়ারি শরিফ এলাকায় মাদক পাচারের একটি নেটওয়ার্ক গড়ে ওঠে, যেখানে শফিক লস্করের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অভিযোগ, মুর্শিদাবাদ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে স্থানীয়ভাবে তা প্রস্তুত করা হত এবং পরে দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলির বিভিন্ন এলাকায় সরবরাহ করা হত। তদন্তকারীদের অভিযোগ, এই চক্রে এলাকার বেশ কিছু যুবককেও যুক্ত করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, অতীতে একাধিকবার অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হলেও তিনি পালিয়ে যেতে সক্ষম হন। একটি পুরনো মামলায় আদালতের নির্দেশে তাঁর গাড়ি, বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও তদন্তকারী সূত্রের দাবি।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
