কলকাতা: দীর্ঘদিন ধরেই স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja) অভিযোগ করে এসেছেন যে, অন্য সম্পর্কে রয়েছেন তাঁর স্বামী গোবিন্দ (Govinda)। বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেতা দীর্ঘদিন ধরেই বিবাহিত সুনীতা আহুজার সঙ্গে। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে, তাঁরাও প্রাপ্তবয়স্ক। তবে সদ্যই জানা যায়, গোবিন্দের বিরুদ্ধে বিচ্ছেদের মামলা দায়ের করেছেন, স্ত্রী সুনীতা। পরবর্তীতে অবশ্য সুনীতা নাকি, সেই মামলাটা তুলে নেন, গোবিন্দের সঙ্গে ঘটা করে গণেশ পুজোর আয়োজনও করেন বাড়িতে। তবে গোবিন্দ আর সুনীতার সম্পর্ক যে ঠিক কোন অবস্থায় রয়েছে, তা কেবল তাঁরা ছাড়া আর কেউই জানেন না। তবে সদ্যই, গোবিন্দের সঙ্গে তাঁর সহ অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের (Komal Rani Swarnkar) ছবি প্রকাশ্যে আসতেই, নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। বিমানবন্দরে পাশাপাশি দেখা যায় গোবিন্দ আর কোমল রানিকে। আর সেই ছবি প্রকাশ্যে আসার পরেই, কটাক্ষ করতে ছাড়েননি গোবিন্দের স্ত্রী।
গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ সুনীতার
গোবিন্দ এবং কোমলের ছবি প্রকাশ্যে আসতেই, কটাক্ষ করেছেন সুনীতা। তিনি গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছেন, পাশাপাশি কটাক্ষ করেছেন, কোমলের পোশাক নিয়েও। তিনি কটাক্ষ করে বলেন, কোমল যখন গোবিন্দের মতো সুগার ড্যাডি পেয়েছেন, তাহলে তাঁর উচিত আরও ভাল পোশাক ব্যবহার করা। কোমলের কথা জানতে চাইলে প্রথমে গোবিন্দকে আক্রমণ করেন সুনীতা। বলেন, ‘মেয়ের বয়সি তরুণীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। একটু তো লজ্জা পাক! একটা স্ট্য়ান্ডার্ড থাকা উচিত।’ এর পরই কোমলকে নিশানা করেন সুনীতা। বলেন, ‘তোমার সুগার ড্যাডি বেশ পয়সাওয়ালা। ভাল জামাকাপড় তো পরতেই পারো! আমরা স্টাইলে ঘুরে বেড়াই। খুব খারাপ। ওর (গোবিন্দ) মাথা খারাপ হয়ে গিয়েছে।’
স্ত্রী সুনীতার মন্তব্যের চাঁচাছোলা উত্তর গোবিন্দের
আর এবার, স্ত্রীর এই ধরণের মন্তব্য নিয়ে, পাল্টা বিস্ফোরক খোদ গোবিন্দ। তিনি বললেন, ‘আমার কাছে যা যা কাজের অফার আসে, তা তো আমি নিই না। কিন্তু আমি যা যা কাজ করছি, তাতেও কেন হস্তক্ষেপ করছে ও (সুনীতা আহুজা)? অথচ তুমি (সুনীতা) যখন রান্নার শো করছে বা লক আপ-এর মতো শো-তে অংশগ্রহণ করছো, সেখানে তো তুমি সমর্থনের জন্য আমায় ডেকে নিয়ে গিয়েছো। আর যখন আমি একটা সিনেমা শুরু করছি, তখন তুমি প্রাণপণে চেষ্টা করছো যাতে মানুষের মনে আমার সম্পর্কে একটা খারাপ ধারণা তৈরি হয়ে যায়! ইচ্ছা করে আমার বদনাম রটাচ্ছো যাতে আমার ছবি ব্যবসা করতে না পারে! যখন একটা মানুষ গরীব পরিবার থেকে উঠে আসে, সিনেমা করার স্বপ্ন নিয়ে… তাঁকে এমন অপমানও কোরো না, যে সে পালিয়েই যায় সব ছেড়ে।’