কলকাতা: রাজ্যে সরকার বদল হওয়ার পরে, টলিউডেও বড় পরিবর্তন এসেছে। স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে পিয়া সেনগুপ্ত, এতদিন টলিউড চলত যাঁদের অঙ্গুলিহেলনে, তাঁরাই ক্ষমতা থেকে সরে গিয়েছেন এক এক করে। তবে টলিউডে এখনও পর্যন্ত নির্বাচিত পদাধিকারী হিসেবে এখনও কেউ আসেননি। আজ নন্দনের বৈঠকে, টলিউডের জট কাটাতে সেই নির্বাচনেরই ইঙ্গিত দিলেন, মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আজ নন্দনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল। সেখানে রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ থেকে শুরু করে, একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। সেখানে কী কী সিদ্ধান্ত নেওয়া হল?
কী কী সিদ্ধান্ত নেওয়া হল আজকের মিটিংয়ে?
আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, ফেডারেশন ও গিল্ডের নতুন করে নির্বাচন হবে। নতুন করে হবে, প্রযোজকদের সংস্থা ইম্পার নির্বাচন ও। তৃণমূল জমানায় ফেডারেশনের সভাপতি পদে ছিলেন স্বরূপ বিশ্বাস। তিনি বর্তমানে পদে নেই, পদ ছেড়েছেন পিয়া সেনগুপ্ত ও। এই সমস্ত পদে নতুন করে নির্বাচন হবে। আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গিল্ড এবং ফেডারেশনের নির্বাচন হবে, ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর। এরপরে হবে, ইম্পার নির্বাচন। মিঠুন চক্রবর্তী এদিন বলেন, ‘কোন নর্দমা আর অপরিচ্ছিন্ন করতে পারবে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে’। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুদ্রনীল লেখেন, টেকনিশিয়ান্স, পরিচালক এবং প্রযোজক, যাঁরা এই মিটিংয়ে উপস্থিত ছিলেন, তাঁরা প্রত্যেকেই খুশি। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও তথ্য-সংস্কৃতি সচীব ড: সৌমিত্র মোহন।
এদিনের বৈঠকে টলিউডের জট কাটার ওপর জোর দিয়েছেন, মিঠুন চক্রবর্তী। এদিন তিনি আরও জানান, গিল্ডের নির্বাচন না হওয়া পর্যন্ত ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার নতুন করে গঠনের প্রক্রিয়া এগোবে না। পাশাপাশি তিনি জানিয়েছেন, টলিউডকে রাজনীতি মুক্ত করতে হবে। যাতে সবাই কাজ করতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে। এদিনের বৈঠক নিয়ে আশাবাদী জিৎ ও। আগামীদিনে, যে নির্বাচন হবে, সেখানেই ২৬টি গিল্ডের ভবিষ্যৎ নেতৃত্ব এবং টলিউডের সাংগঠনিক কাঠামো কোন পথে এগোয়, তা স্পষ্ট হতে পারে। পাশাপাশি, এদিনের মিটিংয়ে এ ও জানানো হয়েছে, সদস্যদের পরিচয়পত্র বা কার্ড নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রত্যেক সদস্যের কার্ড থাকা প্রয়োজন বলে জানানো হয়েছে।