ঘর আলো করে এল নতুন অতিথি। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের দ্বিতীয় সন্তানের জন্ম। কন্যাসন্তানের জন্ম দিলেন দীপিকা। ইনস্টাগ্রামে যৌথভাবে একটি পোস্ট করে তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমনের কথা জানালেন বলিউডের অন্যতম খ্যাতনামা এই দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা যে পোস্টটি করেছেন তাতে একটি শিশুর পায়ের ছাপ রয়েছে এবং তার নীচে রণবীর, দীপিকা ও দুয়ার নাম ও ১৯/৯/২০২৬ তারিখের উল্লেখ করা রয়েছে।
২০১৮ সালের ১৮ নভেম্বর চার হাত এক হয়েছিল দীপিকা ও রণবীরের। ইতালিরে লেক কোমোয় তাঁদের প্রাইভেট ডেস্টিনেশন ওয়েডিং-এর অনুষ্ঠান হয়েছিল। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের জীবনে আসে প্রথম কন্যা দুয়া।
গত ১৯ এপ্রিল, ২০২৬-এ দম্পতি ইনস্টাগ্রামে দীপিকার সন্তানসম্ভবা হওয়ার খবর সামনে আসে। সেই পোস্টে দেখা যায়, তাদের মেয়ে দুয়া একটি ‘পজিটিভ’ প্রেগন্যান্সি কিট ধরে আছে। সন্তান জন্মের সম্ভাব্য তারিখের আগে, তাঁরা তাঁদের প্রেগন্যান্সি ফটোশুটের ছবিও শেয়ার করেন, যার মাধ্যমে ফ্যানরা তাঁদের জীবনের এই বিশেষ পর্যায়টির এক ঝলক দেখার সুযোগ পান।
মাত্র একদিন আগেই দীপিকা ও রণবীর আশীর্বাদ নিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। মন্দিরের ভেতর দিয়ে যাওয়ার সময় কড়া নিরাপত্তার বলয়ে ছিলেন তাঁরা, কারণ এই বলিউড তারকা দম্পতিকে একঝলক দেখার জন্য সেখানে ভক্তরা ভিড় জমিয়েছিলেন। এত হট্টগোলের মধ্যেও দীপিকা ও রণবীর হাসিমুখে ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান।
এই সফরের আগে, বৃহস্পতিবার রণবীর লালবাগচা রাজা প্যান্ডেলে গিয়েছিলেন। তিনি একাই সেখানে পৌঁছান এবং এই বিশেষ উপলক্ষ্যে সাদা চিকনকারি কুর্তা ও পাজামা পরেছিলেন। প্যান্ডেলের ভেতর দিয়ে যাওয়ার সময় তিনি তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় করা ভক্তদের অভিবাদনও জানান।
গণেশ চতুর্থীতে পুজো দিয়ে যাওয়ার সময়ে, দীপিকা পরেছিলেন একটি বাদামি এবং সোনালি কাজ করা সালোয়ার কামিজ। টান টান করে বাঁধা চুলের খোঁপায়, গজরা লাগিয়েছিলেন তিনি। অন্যদিকে রণবীর পরেছিলেন একটি বেগুনি রঙের পাঞ্জাবি। স্ত্রীর হাত ধরে, তাঁকে মন্দিরে নিয়ে যান রণবীর। এর আগেও, যখনই দীপিকা এবং রণবীর প্রকাশ্যে এসেছেন, সবসময়েই স্ত্রীকে আগলে রেখেছেন নায়ক। দুয়া পৃথিবীতে আসার আগে, সবুজ বেণারসিতে সেজে, এই মন্দিরেই এসেছিলেন দীপিকা। দ্বিতীয় সন্তান জন্মের আগেও, সিদ্ধিবিনায়ক মন্দিরে আশীর্বাদ নিতে আসেন দীপভীর। Deepika Padukone and Ranveer Singh