কলকাতা: ফের পরিচালকের আসনে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), একেবারে স্বমহিমায়। দীর্ঘদিন ধরে তাঁর পরিচালনা, অভিনয় নিয়ে যে জট তৈরি হয়েছিল টলিউডে.. তা কাটছে ধীরে ধীরে। যে সময়টা অনির্বাণের পরিচালনা, অভিনয়ের ওপর অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল টলিউডে, সেই সময়ও পিছিয়ে আসেননি তিনি। তাঁর একের পর নতুন গান, ‘হুলিগানইজম’ (Hooliganism)-এর নতুন নতুন মিউজিক ভিডিও মন কেড়েছে দর্শকদের। একের পর এক শো করেছে ‘হুলিগানইজম’, পাশাপাশি দর্শকদের উপহার দিয়েছেন ভিন্ন ভিন্ন স্বাদের গান। তাঁদের মঞ্চানুষ্ঠান নিয়ে কখনও বিতর্ক হয়েছে, প্রশংসিতও হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের অনুষ্ঠানের টুকরো টুকরো ভিডিও। অনির্বাণ, শুভদীপ এবং দেবরাজ.. তাঁদের দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে সবসময়েই বলে এসেছেন যে, কেবল রাজনীতি নয়, তাঁদের ঝুলিতে রয়েছে বিভিন্ন স্বাদের গান। ‘হুলিগানইজম’-এর সদ্য মুক্তি পাওয়া ‘বিষাদের গান’-ও, সেই ভিন্ন স্বাদের গানগুলির মধ্যে অন্যতম। তবে শুধু গান নয়, এই মিউজিক ভিডিওতে উপরি পাওয়া, অনির্বাণের পরিচালনার ম্যাজিক।
অনির্বাণ পরিচালনায় এক শেষ না হওয়া প্রেমের গল্প
১৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে, ‘হুলিগানইজম’-এর নতুন গান, ‘বিষাদের গান’। অনির্বাণের কলমে এই গানটি গেয়েছেন, অনির্বাণ নিজে, শুভদীপ গুহ এবং দেবরাজ ভট্টাচার্য (Anirban Bhattacharya, Subhadeep Guha, Debraj Bhattacharya)। গানটির হিন্দি লিরিক্স লিখেছেন, প্রমিতা ভট্টাচার্য (Promita Bhattacharya)। মিউজিক ভিডিওর মুখ্যভূমিকায় অভিনয় করেছেন, সুহোত্র মুখোপাধ্যায় এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (Suhotra Mukhopadhyay, Surangana Bondopadhyay)। প্রেম, বিচ্ছেদ এবং সেই প্রাক্তন প্রেমিক প্রেমিকার ফের দেখা হয়ে যাওয়ার যে চির চেনা গল্প.. তাকেই বড় যত্ন করে, কাব্যিক ছন্দে বেঁধেছেন অনির্বাণ। অনির্বাণ, শুভদীপ এবং দেবরাজের গলায় এই ‘বিষাদের গান’ ‘হুলিগানইজম’ এবং এসভিএফ মিউজিক (SVF Music) থেকে মুক্তি পেয়েছে।
মিউজিক ভিডিওতে তুলে ধরা হয়েছে, এক প্রেমের গল্প। অনিরুদ্ধ আর রাইয়ের গল্প। এক সময়ের মধুর প্রেম, তারপরে বিচ্ছেদ আর তারপর.. প্রাক্তন প্রেমিকার অনুষ্ঠান দেখতে, দর্শকাসনে প্রাক্তন প্রেমিক। সম্পর্কের ওঠাপড়া থেকে শুরু করে, অব্যক্ত আবেগ ফুটে উঠেছে গান জুড়ে। গানের ‘মুখে রং লেগে লেগে মুখোশের মতোই দেখাবে’ লাইনের চিত্রায়ণ.. দর্শককে ভাবতে বাধ্য করে। ইতিমধ্যেই বহু মানুষ এই মিউজিক ভিডিও দেখে ফেলেছেন। কমেন্টবক্স ভাবছে প্রশংসায়।
আরও পড়ুন: Zubeen Garg: জুবিনের গানেই জুবিনকে স্মরণ প্রয়াণ দিবসে, অসম জুড়ে জ্বলল প্রদীপ, উঠল ন্যায়বিচারের দাবি