কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) বাড়িতে সৃজলা গুহ (Srijla Guha) আহত হলেই, সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত কটাক্ষের মুখে, প্রতিযোগী নন্দিনী দত্ত (Nandini Dutta)। এর আগে, বারে বারে বিতর্কে জড়িয়েছেন নন্দিনী। কখনও আপত্তিকর মন্তব্য তো কখনও অন্য আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে ঘনিষ্ঠতা… নন্দিনী বিগ বসের ঘরে হামেশাই চর্চায় থাকেন। তবে এবার, ক্যাপ্টেন্সি টাস্ক থেকে সৃজলাকে ঘোড়া থেকে ফেলে দেওয়ার ঘটনার পরে, সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর বিরুদ্ধে মুখ খুললেন, তাঁরই সঙ্গে কাজ করা অভিনেতা অভিনেত্রীরা। এই শো-তে আসার আগে, একটি ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতেন নন্দিনী। সৃজলার সঙ্গে ঘটে যাওয়া ঘটনায়, নন্দিনীকেই দুষছেন অনেকে।
বিগ বসের ঘরে টাস্ক করতে গিয়ে আহত সৃজলা, কী ভূমিকা ছিল নন্দিনীর?
ঠিক কী ঘটেছিল? এবারের ক্যাপ্টেন্সি টাস্কটি ছিল, প্রত্যেক প্রতিযোগীকে একটি কাঠের ঘোড়ার ওপর বসে থাকতে হবে। অন্যান্য প্রতিযোগীরা সিদ্ধান্ত নিতে পারবেন যে, কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন এবং কে কোন প্রতিযোগীকে সমর্থন করবেন না। যে যাঁকে সমর্থন করবেন, সে তাঁর পছন্দের প্রতিযোগীকে রক্ষা করবেন এবং যে যাঁকে সমর্থন করেন না, সে তাঁর অপছন্দের প্রতিযোগীকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করবেন। আর এই টাস্কের মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা। নন্দিনী প্রথমে উল্টে দেন রাজবীরের ঘোড়া। এরপরে তিনি সৃজলার সামনে গিয়ে কথা বলতে বলতে, সৃজলার ঘোড়াও উল্টে দেন। যদিও বিগ বসের তরফ থেকে কড়া নির্দেশ ছিল যে, কোনও প্রতিযোগীকে ঘোড়া থেকে ঠেলে, টেনে হিঁচড়ে নামানো যাবে না। কিন্তু নন্দিনী ঘোড়া ধরে উল্টে দেওয়ার কারণে পড়ে যান রাজবীর। এরপরে নন্দিনী সৃজলার ঘোড়াও উল্টে দেন, কিন্তু ঘোড়া থেকে পড়ে যাওয়ার সময়ে, চোট পান সৃজলা। ঘোড়া থেকে পড়ে গিয়ে, ব্যথায় চিৎকার করতে থাকেন তিনি। সঙ্গে সঙ্গে বাকি প্রতিযোগীরা আইসপ্যাক নিয়ে আসেন, কিন্তু এসে স্বস্তি পাননি সৃজলা। ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করতে থাকেন তিনি। এরপরে বিগ বসের নির্দেশে তাঁকে সঙ্গে সঙ্গে স্টোর রুমে নিয়ে যাওয়া হয়। ব্যথায় নড়াচড়াও করতে পারছিলেন না সৃজলা। চিকিৎসক এসে তাঁর চিকিৎসা শুরু করেন।
নন্দিনীকে নিয়ে সরব সহ-অভিনেত্রী সংঘশ্রী
এই ঘটনার পরে, সোশ্যাল মিডিয়ায় নন্দিনীকে এই শো থেকে বের করে দেওয়ার দাবি তোলেন অনেকেই। আর সোশ্যাল মিডিয়ায় নন্দিনীর এই কাজের বিরুদ্ধে সরব হয়েছেন একাধিক অভিনেতা অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এদিন অভিনেত্রী সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasri Sinha Mitra) পোস্ট করেন, ‘নন্দিনী দত্ত, মেকআপ রুমে আমি তোমার জঘন্য দিকটা দেখেছি। আমার মনে হত, এটা তোমার নিরাপত্তাহীনতা কিন্তু এখন বুঝতে পারছি এটা তুমি মানুষ হিসেবে ভীষণ বিরক্তিকর! তোমার বাবা মায়ের তোমায় নিয়ে লজ্জা পাওয়া উচিত। বিগ বস বাংলা.. এই হিংসাত্বক ঘটনাকে থামানোর জন্য এবার একটা পদক্ষেপ নেওয়া উচিত।’ কমেন্ট বক্সে সংঘশ্রী লিখেছেন, প্রথমে তাঁর রাজবীরকে বিরক্তকর প্রতিযোগী বলে মনে হলেও, এখন তাঁর মনে হচ্ছে নন্দিনী আসলে নিষ্ঠুর, পাগল এবং নিজের ইগো নিয়ে থাকেন।
আরও পড়ুন: Srijla Guha: বিগ বসের ঘরে টাস্ক করতে গিয়ে গুরুতর আহত সৃজলা গুহ! চিৎকার করে কান্না, আসতে হল চিকিৎসককে