কলকাতা: রিলিজের আগেই রেকর্ড গড়ল অল্লু অর্জুন (Allu Arjun), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সিনেমা ‘রাকা’? সিনে-ইতিহাসে নতুন নজির গড়লেন পরিচালক অ্যাটলি (Atlee Kumar)! অল্লু আর দীপিকাকে নিয়ে অ্যাটলির আগামী ছবি ‘রাকা’-র (Raaka) প্রোডাকশন পরিকল্পনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তা ঝড় তুলে দিয়েছে সিনে-ইন্ডাস্ট্রিতে। এর আগে এত বড় মাপের স্টুডিও সেটে বিপুল সংখ্যক মোশন ক্যাপচার ক্যারেক্টার নিয়ে কোনও সিনেমার শ্যুটিং হয়নি। রিলিজের আগেই রেকর্ড গড়ে ফেলেছে রাকা। কোনও হলিউডি ফিল্ম নয়। বিশ্বে প্রথমবার ৩৭ জন শিল্পীকে নিয়ে একসঙ্গে মোশন ক্যাপচার ফিল্মিং সম্ভব হল ভারতীয় সিনেমা ‘রাকা’-র সেটে। ফিল্ম মেকিংয়ে প্রযুক্তিগত সাফল্যের এই নজির গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেলেছে অ্যাটলি আর অল্লুর নতুন ছবি।
এর আগে বিশ্বের তাবড় ফিল্ম স্টুডিওগুলিতে দুই থেকে তিনজন শিল্পীকে নিয়ে একসঙ্গে মোশন ক্যাপচার শ্যুটিং হয়েছে। কিন্তু একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে এই কঠিন প্রযুক্তিগত চ্যালেঞ্জ নেওয়ার কথা কোনও পরিচালক কল্পনাও করেননি। এখানেই সবাইকে ছাপিয়ে এগিয়ে গিয়েছেন অ্যাটলি। সূত্রের খবর, রাকার মূল প্রোডাকশন কস্টের মধ্যে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে স্পেশাল এফেক্টসের জন্য। টাকার পরিমাণটা প্রায় ৩০০ কোটি। আর রাকার বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা। এই সাইফাই অ্যাকশন-ফ্যান্টাসি ফিল্মটির ভিএফএক্সের দায়িত্ব সামলাচ্ছে লস অ্যাঞ্জেলিসের লোলা ভিএফএক্স। সেখান থেকে প্রযুক্তিবিদদের বিশাল একটি দল তাঁদের পুরো সেটআপ উড়িয়ে এনেছেন হায়দরাবাদে। অ্যাটলি নিজস্ব একটি মোশন ক্যাপচার স্টুডিও তৈরি করে নিয়েছেন তাঁদের সাহায্যে।
রাকার সিনেম্যাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন জি.কে. বিষ্ণু যিনি মারসাল, বিজিল, জওয়ানের মত ছবির দায়িত্ব সামলেছেন। গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সি, দ্য ম্যান্ডেলোরিয়ান, অ্যাভেঞ্জার্স এন্ডগেমের প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট কার্লটন কোলম্যান জুড়ে গিয়েছেন অ্যাটলির টিমের সঙ্গে। একসঙ্গে ৩৭ জন শিল্পীকে নিয়ে মোশন ক্যাপচার ফিল্মিংয়ের পরিক্ষামূলক প্রচেষ্ঠা সফল হয়েছে সবার সম্মিলিত পরিশ্রম আর নিভুল পরিকল্পনায়। ভারতীয় সিনেমাকে প্রযুক্তির দিক থেকে এক নতুন উচ্চতায় এগিয়ে নিয়ে যাওয়াই অ্যাটলি আর তাঁর টিমের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আর সেই চ্যালেঞ্জেই বাজি জিতে ফেলেছে রাকা।
ছবিটিতে একটি পরিবারের বংশতালিকা থেকে চারটি আলাদা প্রজন্মের চার চরিত্রকে একই টাইমফ্রেমে ধরবেন অ্যাটলি। আর এই চারটি চরিত্রেই দেখা যাবে অল্লু অর্জুনকে। ইলিউশন আর মিস্ট্রি একসঙ্গে মিশে যাবে কাহিনিতে। রাকা আল্লু অর্জুনের ফিল্মোগ্রাফির ২২ তম ছবি। আর পরিচালক অ্যাটলির ষষ্ঠ সিনেমা। মেগাস্টার আর মাস্টার ডিরেক্টরের মেলবন্ধনে তাঁদের আগামী প্রজেক্ট বক্স অফিসে কেমন ফল করে, এখন সেটাই দেখার অপেক্ষা।