Last Updated:
Dino Morea Arrested: মিঠি নদীর পলি অপসারণ কেলেঙ্কারির অভিযোগে বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা গ্রেফতার করেছে। জানা গেছে, গ্রেফতার হওয়ার আগে দিনো মোরিয়াকে মুম্বইয়ের বান্দ্রায় তাঁর বাসভবনে প্রায় আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ইওডব্লিউ।
মুম্বই: বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ৷ মিঠি নদীর অনিয়ম মামলায় মুম্বই পুলিশ মুম্বইয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে৷ মিঠি নদী পরিষ্কার কেলেঙ্কারি এবং দিশা সালিয়ান মামলাতেও দিনো মারিয়ার নাম উঠে আসছে। অভিনেতা দিনো মোরিয়াকে শিবসেনার ঠাকরে গোষ্ঠীর নেতা আদিত্য ঠাকরের ঘনিষ্ঠ সহযোগী বলে মনে করা হয়। মিঠি নদী মামলায় তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
সূত্রের খবর, দিনো মোরিয়াকে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা গ্রেফতার করেছে। জানা গেছে, মিঠি নদীর পলি উত্তোলন কেলেঙ্কারি মামলার সূত্রে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে যে, ২০০৫ সাল থেকে চলমান এই প্রকল্পে ১৩০০ কোটি টাকারও বেশি জালিয়াতি হয়েছে। বিশেষ করে, ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় ৬৫ কোটি টাকার একটি কেলেঙ্কারি সামনে এসেছে, যার তদন্ত করছে অর্থনৈতিক অপরাধ শাখা (EOW) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগেও ইডি দিনো মোরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছিল। সে সময়ও বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছিল।
এর আগেও ইওডব্লিউ (EOW) জানতে পারে যে, দিনো মোরিয়ার ভাই সান্তিনো মোরিয়া যে কোম্পানি ইউবিও রাইডেজ-এর পরিচালক, সেখানে ১৮ লক্ষ টাকা স্থানান্তর করা হয়েছিল। পুলিশ কর্মকর্তাদের মতে, এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত কেতন কদম এই অর্থ স্থানান্তর করেছিলেন। তদন্তকারী সংস্থাগুলোর সন্দেহ, এই আর্থিক জালিয়াতির মূল অভিযুক্ত কেতন কাদমের সঙ্গে তারা দু’জনেই একাধিকবার ফোনে যোগাযোগ করেছিলেন। এই মামলায় ৬৫ কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ উঠেছে। মিঠি নদী পরিষ্কারের জন্য মুম্বই পৌরসভা বিপুল সংখ্যক সিল্ট পুশার এবং ড্রেজিং মেশিন কিনেছিল। এটি হয়েছিল কোচি-ভিত্তিক সংস্থা ম্যাটপ্রপ টেকনিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড থেকে। তবে, এই লেনদেনে বড় আকারের আর্থিক জালিয়াতির সন্দেহ রয়েছে।
ম্যাটপ্রপ কোম্পানির কর্মকর্তা এবং মুম্বই পৌর সংস্থার ঝোড়ো জল নিষ্কাশন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে তহবিল তছরুপের অভিযোগে অভিযুক্ত হয়েছেন কেতন কদম ও জয় যোশী। তদন্তে অভিযোগ উঠেছে যে, এই অভিযুক্তরা জাল নথির ভিত্তিতে পৌর সংস্থাকে প্রতারণা করেছেন। এই মামলায় এখন পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন পাঁচজন ঠিকাদার, তিনজন দালাল, বিভিন্ন কোম্পানির পরিচালক এবং পৌর সংস্থার বর্তমান ও প্রাক্তন কর্মকর্তারা।
উল্লেখ্য, এই মামলার কারণে দিনো মোরিয়া বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছেন। গত বছরের জুন মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিনেতার বাসভবনে প্রায় ১৪ ঘণ্টা ধরে টানা তল্লাশি চালায়। অভিনেতার মুম্বইয়ের বাসভবন ছাড়াও ইডি মুম্বাই ও কোচি জুড়ে আরও ১৪টি স্থানে একযোগে তল্লাশি অভিযান চালায়। ইওডব্লিউ (EOW) এই প্রকল্পে সন্দেহজনক আর্থিক গরমিলের তদন্ত করছে, যেখানে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-এর ৬৫.৫৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
