নয়াদিল্লি: আইপিএলের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) ফের একবার নেতৃত্বের দায়িত্বে ফিরতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। ফের একবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। অন্তত India Today-র রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে।
রিপোর্টে বলা হচ্ছে পল্টনদের ম্যানেজমেন্ট নাকি অধিনায়ক হিসাবে রোহিতকে পুণরায় দায়িত্ব দেওয়ার দিকেই ঝুঁকে। ফলে হার্দিক পাণ্ড্যর ভবিষ্যৎ ঘিরে জল্পনা আরও বাড়লই বটে।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে, মোট পাঁচটি আইপিএল খেতাব জিতেছেন রোহিত শর্মা। তবে ২০২৪ সালে হার্দিক পাণ্ড্যকে রোহিতের পরিবর্তে পল্টনদের নেতৃত্বভার দেওয়া হয়। কিন্তু তিন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সকে খেতাব জেতাতে পারেননি হার্দিক। বিভিন্ন রিপোর্টে দীর্ঘদিন ধরেই দাবি করা হচ্ছে হার্দিকের সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের সম্পর্খ শেষ হচ্ছে। তাই নতুন মরশুমে পল্টনদের নতুন অধিনায়ক বাছতে হবে। সেই দৌড়েই রোহিত এগিয়ে বলে দাবি করা হচ্ছে।