নয়াদিল্লি: সদ্য ভূমিষ্ঠ হয়েছে। অথচ ভাবখানা দেখে বোঝার উপায় নেই। দুই হাতের উপর রাখা মাথা। এক পায়ের উপর তোলা অন্য পা। দুনিয়া চুলোয় যাক, সেই যেন রাজা। সদ্যোজাত শিশুর সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্য়াল মিডিয়ায়। (Viral Baby Video)
মিশরের কায়রোর শিশু চিকিৎসক ইসলাম এলদেহ্ সদ্যোজাতর ভিডিওটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিও-য় দেখা গিয়েছে, আয়েশ করার ভঙ্গিতে শুয়ে রয়েছে শিশুটি। দুই হাতের উপর রাখা মাথা। বাম পা ভাঁজ করা। তার উপর তুলে রাখা ডান পাটি। (Viral Video)
শিশুটিকে পরীক্ষা করতে আসেন ওই চিকিৎসক। বুকে স্টেথো ঠেকাতে একটু বিরক্তই বোধ করে একরত্তি। সেভাবেই আড়মোড়া ভাঙে সে। ভিডিওটি পোস্ট করে ওই চিকিৎসক লেখেন, ‘বেবি কিং! উদ্দীপনার জন্য ক্ষমা করবেন’।
ভূমিষ্ঠ হওয়ার পর সাধারণত কাঁদতেই দেখা যায় শিশুদের। তাই এমন ‘কুল’, ‘ক্যাজুয়াল’ শিশু দেখে হতবাক নেটিজেনরা। নানাজন নানা রকম মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের মতে, জন্মের পরই বাঁচার মন্ত্র রপ্ত করে ফেলেছে শিশুটি। একজন লেখেন, ‘এই হল জেনারেশন বিটা। জীবনে ভারসাম্য রাখা শিখে ফেলেছে। কাজ নয়, শুধুই জীবন। জেন আলফা হলে ওয়াই-ফাই চাইত। এই শিশু গোড়াতেই বলে দিয়েছে ডোন্ট ডিস্টার্ব’।
আর একজন লেখেন, ‘চিন্তামুক্ত জগতে আবির্ভাব।’ অন্য একজন লেখেন, ‘সবে জন্ম নিয়েছি। আমি বিপর্যস্ত। আরাম প্রয়োজন’। ক্যামেরা রয়েছে টের পেয়েই শিশুটি ওভাবে পোজ় দিয়েছে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।
বিশেষজ্ঞদের মতে, নবজাতকের মুখের অভিব্যক্তি, শারীরিক ভঙ্গি তাদের চেতনা বা ব্যক্তিত্বকে প্রতিফলিত করে এমন নয়। বরং জন্মের পর শিশুরা এমন অবস্থার মধ্যে দিয়ে যায়, যেখানে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। শান্ত এবং স্থির থাকে তাই। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় শিশুদের ওই অবস্থাকে ‘quiet alertness’-ও বলা হয়।