Last Updated:
দক্ষিণ পোল্যান্ডের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র ক্র্যাকো শহরের প্রধান বাজার চত্বরের কাছে এই গুলিচালনার ঘটনা ঘটে।
ক্র্যাকো: পোল্যান্ডের ক্র্যাকো (Krakow) শহরের একটি বাজার এলাকায় শনিবার গুলিচালনার ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। লেসার পোল্যান্ড ভয়ভোডশিপের প্রাদেশিক প্রশাসনের (Lesser Poland Voivodeship provincial authorities) তরফে এই তথ্য জানানো হয়েছে। পরে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক (Donald Tusk) জানান, হামলাকারীর বাড়ি থেকেও দু’জন মহিলা ও এক পুরুষের দেহ উদ্ধার হয়েছে। তাঁরা হামলাকারীর আত্মীয় বলে মনে করা হচ্ছে। এর ফলে এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯-এ।
পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে আহত হওয়ার পর হামলাকারীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা এপি। অভিযোগ, গাড়ি চালিয়ে মেইন স্কোয়ারের পাশ দিয়ে যাওয়ার সময় নির্বিচারে সাধারণ মানুষের দিকে লক্ষ্য করে গুলি চালায় ওই বন্দুকবাজ। এই হামলায় পুলিশকর্মীরাও আহত হয়েছেন।
পুলিশি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল এবং হামলাকারীর কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল কি না। তবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।
পোল্যান্ডের ক্র্যাকো শহরের পুলিশের মুখপাত্র কাতারজিনা সিসলো TVN24-কে জানিয়েছেন, হামলার সময় সামরিক বাহিনীর পোশাক পরেছিল ওই বন্দুকবাজ। হামলায় সামরিক বাহিনীতে ব্যবহৃত এক ধরনের লম্বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। তার গাড়ি থেকে আরও বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণে গুলি উদ্ধার হয়েছে। সিসলো আরও জানিয়েছেন, হামলাকারী একাই এই ঘটনা ঘটিয়েছে।
ক্র্যাকোর পুরসভার পরিবহণ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টে নাগাদ এক ট্রামচালক খবর দেন, শহরের মেইন স্কোয়ারের কাছ দিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়িতে থাকা এক ব্যক্তি তাঁর ট্রামটিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে ট্রামের চালকের কেবিনের জানালার কাচ ভেঙে যায়।
গুলিচালনার ঘটনার পর ক্র্যাকোর উদ্দেশে রওনা দেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এমনটাই জানিয়েছেন সরকারের মুখপাত্র অ্যাডাম স্লাপকা। এক্স-এ তিনি লেখেন, ‘‘ক্র্যাকোর আজকের ঘটনা গোটা পোল্যান্ডকে নাড়িয়ে দিয়েছে।’’ এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্র্যাকো। প্রতি বছর প্রায় দেড় কোটি পর্যটক এই শহরে বেড়াতে আসেন। সংবাদ সংস্থাগুলির প্রতিবেদন অনুযায়ী, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মেইন স্কোয়ার একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।
এই ঘটনার প্রতিক্রিয়ায় পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম রোজ বলেন, ‘‘ক্র্যাকোয় ভয়াবহ গণগুলিচালনার ঘটনার বিস্তারিত তথ্য আমরা জানতে পারছি। এই নৃশংস ও প্রাণঘাতী হামলা পোল্যান্ডের শান্তি বিঘ্নিত করেছে।’’ এই কঠিন সময়ে পোল্যান্ডের পাশে থাকার বার্তা দিয়ে মার্কিন দূত বলেন, ‘‘এই অন্ধকার সময়ে আমেরিকা পোল্যান্ডের পাশে রয়েছে।’’
