Last Updated:
West Bengal Assembly Elections 2026: শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল কাউন্টিং এজেন্টদের বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোটের ফলের আগে চরমে পৌছেছে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনের স্ট্রং রুম সংঘাত। বৃহস্পতিবার রাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ও ভাবানীপুরে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তারপর আরও নড়চড়ে বসেছে ঘাসফুল শিবির। পরিস্থিতির উপর নজর রাখতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার নির্বাচনের ফল ঘোষণা। তার আগে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে কোনওরকম ফাঁক রাখতে চাইছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। গণনা পরিস্থিতি নিয়ে কড়া নজর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের। রাজ্যজুড়ে স্ট্রং রুমের পরিস্থিতি, তাতে নজর রাখা, গণনার দিনের স্ট্র্যাটেজি সবকিছু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কালিঘাটে বৈঠকে করছেন।
শনিবার কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দোপাধ্যায়। গতকাল কাউন্টিং এজেন্টদের বিশেষ বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল থেকেই কাউন্টিং সেন্টারে প্রার্থীরা যাচ্ছেন। সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখছেন ঘাসফুল শিবিরের প্রার্থীরা। সামগ্রিক পরিস্থিতি নিয়ে খোঁজ রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং কুণাল ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। প্রতিবাদে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে ধরনাতেও বসেন তারা। যদিও রাতেই নির্বাচন কমিশনের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়। সমস্ত ইভিএম সুরক্ষিত রয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
Kolkata,West Bengal
