Last Updated:
West Bengal Assembly Election 2026: এর আগে অনেক সময় দেখা গিয়েছে, ভোটগণনার দিন বিভিন্ন কারণে এজেন্টরা সময়মতো উপস্থিত হতে পারেননি। এবার সেই ঝুঁকি নিতে নারাজ তৃণমূল ও বিজেপি।
কোচবিহারঃ রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলঘোষণা। ভোটবাক্সের মেগা ফাইট শেষে কোন দল শেষ হাসি হাসল তা সোমবার জানা যাবে। তার আগে সামনে আসছে বড় খবর। জানা গিয়েছে, রবিবার থেকেই দলের সকল কাউন্টিং এজেন্টদের কোচবিহার জেলা সদরে এনে রাখার বন্দোবস্ত করে ফেলেছে তৃণমূল ও বিজেপি শিবির।
অতীতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে, বিভিন্ন কারণে ভোটগণনার দিন এজেন্টরা সময়মতো উপস্থিত হতে পারেননি। এবার যাতে এর পুনরাবৃত্তি না হয় সেই জন্য আগে থেকেই সতর্ক জেলার তৃণমূল ও বিজেপি নেতৃত্ব।
এই বিষয়ে তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, তাঁদের সকল এজেন্ট আজ থেকেই নির্দিষ্ট জায়গায় জড়ো হয়ে যাবেন। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, তাঁদের ২০০-র বেশি এজেন্ট তৈরি। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার সকল খরচ দল বহন করছে।
গত ২৩ এপ্রিল কোচবিহারের ৯টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে। আগামীকাল জেলার ৫টি গণনাকেন্দ্রে কাউন্টিং হবে। নিয়ম অনুযায়ী, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে একজন প্রার্থীর পক্ষে মোট ২২ জন এজেন্ট নিয়োগ করতে হচ্ছে। মূল কাউন্টিং এজেন্টদের পাশাপাশি কয়েকজন অতিরিক্ত কর্মীও তৈরি রাখা হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, এবার দু’দফায় বিধানসভা নির্বাচন হয়েছে। গত ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল রাজ্যে ভোটগ্রহণ হয়েছে। শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করবে তা জানা যাবে আগামীকাল।
Koch Bihar (Cooch Behar),Koch Bihar,West Bengal
