Last Updated:
Murshidabad News: দিনের আলোয় মুর্শিদাবাদের জনবহুল এলাকার এক সোনার দোকানে ডাকাতি। মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ সোনার গয়না লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। তীব্র চাঞ্চল্য এলাকায়।
সামশেরগঞ্জ, কৌশিক অধিকারীঃ দিনেদুপুরে সামশেরগঞ্জের রতনপুর এলাকায় চাঞ্চল্যকর ডাকাতি। বৃহস্পতিবার দুপুরেের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রতনপুরের এক নামকরা সোনার শোরুমে আচমকাই হানা দেয় ৬ জনের এক দুষ্কৃতী দল। প্রত্যেকেই সাদা পোশাকে ছিল এবং তাঁদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি সাদা রঙের মোটরবাইকে চেপে দুষ্কৃতীরা শোরুমের সামনে আসে। এরপর মুহূর্তের মধ্যেই বন্দুক দেখিয়ে শোরুমের কর্মীদের আতঙ্কিত করে ফেলে। তারপর শোরুম থেকে বিপুল পরিমাণ সোনার গয়না লুট করে চম্পট দেয় তাঁরা।
দিনেদুপুরে এমন ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। শোরুমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি আশেপাশের একাধিক সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হচ্ছে। তবে ঠিক কত পরিমাণ সোনার গয়না লুট হয়েছে, তা এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।
পুলিশের প্রাথমিক অনুমান, পরিকল্পনা করেই এই দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎই আমরা চিৎকার আওয়াজ শুনতে পায়। ছুটে গিয়ে দেখি সোনার দোকানে ডাকাতি করা হয়েছে। দিনেদুপুরে জনবহুল এলাকায় এই সোনার গয়না লুটের ঘটনায় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। যদিও পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে সমগ্র ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
Murshidabad,Murshidabad,West Bengal
Murshidabad News: দিনেদুপুরে বন্দুক দেখিয়ে দেদার লুঠ! সামশেরগঞ্জে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, ব্যবসায়ী মহলে তীব্র আতঙ্ক