Last Updated:
West Bardhaman News: ওই টোলে চার চাকার গাড়ি থেকে ২০ টাকা এবং বড় বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ৫০ টাকা বা তার বেশি টাকা নেওয়ার রেওয়াজ তৈরি হয়েছিল। যা এখন বন্ধ হয়ে গিয়েছে। এই টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর-ফরিদপুরের ধবনী এলাকায় দীর্ঘদিনের বিতর্কিত টোল আদায় আচমকা বন্ধ হয়ে গেল। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে খোলা আকাশের নিচে অস্থায়ী বুথ বানিয়ে টোল সংগ্রহের কাজ চলত। কিন্তু গত কয়েকদিন ধরে সেখানে আর কাউকে দেখা যাচ্ছে না।
জানা গিয়েছে, ওই টোলে চার চাকার গাড়ি থেকে ২০ টাকা এবং বড় বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ৫০ টাকা বা তার বেশি টাকা নেওয়ার রেওয়াজ তৈরি হয়েছিল। যা এখন বন্ধ হয়ে গিয়েছে। এই টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি ফিরেছে চালকদের মধ্যে। এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল, এই টোল আদায়ের নেপথ্যে কোনও স্বচ্ছ আইনি প্রক্রিয়া কাজ করছিল না।
জানা গিয়েছে, যে রাস্তায় এই টোল বুথটি বসানো হয়েছিল, সেটি মূলত গণপূর্ত দফতরের অধীনস্থ। সেখানে পঞ্চায়েত সমিতি এভাবে টোল আদায়ের অনুমতি দিতে পারে কি না, তা নিয়ে অনেকের মহলেই সংশয় রয়েছে। ধবনীর পাশাপাশি হেতেডোবা এবং সরপি এলাকাতেও একই কায়দায় চলা টোল ট্যাক্স বুথগুলি এখন জনশূন্য। যদিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, টোল আদায়ের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণেই আপাতত এই পরিষেবা বন্ধ রয়েছে।
Durgapur,Barddhaman,West Bengal
West Bardhaman News: টোল প্লাজায় তালা, দুর্গাপুরে বন্ধ হল বছরের পর বছর চলা বিতর্কিত ‘ট্যাক্স’ আদায়! খুশি গাড়ি চালকরা
