Last Updated:
Crime News: দিল্লির মুস্তাফাবাদ এলাকায় চারতলা থেকে ঝাঁপ দিয়ে এক নববধূর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির মানসিক নির্যাতনের জেরেই আত্মঘাতী হন ওই তরুণী।
নয়াদিল্লি: দিল্লির মুস্তাফাবাদ এলাকায় সোমবার এক ২৫ বছরের নববধূর মৃত্যুর ঘটনা সামনে আসে। অভিযোগ, চারতলা বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে পছন্দের মানুষকেই বিয়ে করেছিলেন ওই তরুণী। তবে, বিয়ের এক মাসের মধ্যেই স্বামী ও শ্বশুরবাড়ির তরফে সোনা ও নগদের দাবি শুরু হয় বলে অভিযোগ পরিবারের।
পরিবারের দাবি, পণের দাবিতে দীর্ঘদিন ধরে মানসিক নির্যাতনের শিকার ছিলেন ওই তরুণী। গত কয়েক সপ্তাহ ধরে তিনি চরম মানসিক চাপে ছিলেন বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, ঘটনায় আইনি পদক্ষেপ করা হচ্ছে এবং তদন্ত চলছে।
এর আগেও ভোপালে অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দেয়। শ্বশুড়বাড়িতে তাঁর অস্বাভাবিক মৃত্যুর পর পণপ্রথা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। ত্বিশার পরিবারের অভিযোগ, স্বামী সমর্থ সিং ও শাশুড়ি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে পণের জন্য মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে। সমর্থ সিং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে তদন্তে প্রমাণ লোপাট ও প্রক্রিয়াগত অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।
অন্যদিকে, নয়ডাতেও ২৪ বছরের দীপিকার মৃত্যুর ঘটনায় একই ধরনের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, পণের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। সম্প্রতি লখনউয়ের ঠাকুরগঞ্জ এলাকায় আরও এক ২৯ বছরের মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে। ওই মহিলার পরিবারও পণজনিত নির্যাতন ও খুনের অভিযোগ তুলেছে। একাধিক ঘটনার পর ফের প্রশ্নের মুখে পণপ্রথা ও বিবাহিত মহিলাদের নিরাপত্তা।
Kolkata,West Bengal
