Last Updated:
Darjeeling Tourism: দার্জিলিঙের ঐতিহ্য টয় ট্রেন। প্রথম দিকে শিলিগুড়ি টাউন থেকে দার্জিলিং পর্যন্ত ছিল মোট ২৫টি স্টেশন। গাড়ি ইঞ্জিন বদল করত তিনধারিয়া আর কার্সিয়াং স্টেশনে। শিলিগুড়ি থেকে সুকনা পর্যন্ত টয় ট্রেন প্রতি ২৮১ ফুট অগ্রসর হলে এক ফুট এবং সুকনা থেকে ঘুম প্রতি ৩০ ফুটে এক ফুট উচ্চতা চড়ত। প্রথম দিকে ট্রেনের গতি ছিল ঘণ্টায় সাত মাইল। পরে বেড়ে হয় ঘণ্টায় দশ মাইল।
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: গ্রীষ্মের ছুটিতে পাহাড় মানেই পর্যটকদের প্রথম পছন্দ দার্জিলিং। আর দার্জিলিং ভ্রমণ টয় ট্রেন ছাড়া অসম্পূর্ণ। বর্তমানে পাহাড়ে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। সেই সঙ্গে বেড়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) ঐতিহ্যবাহী টয় ট্রেন সফরের চাহিদাও। তবে অনেকেই জানেন না, ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্যবাহী রেলপথের ইতিহাস ও পরিষেবার নানা অজানা তথ্য।
নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ পাহাড়ি প্রকৌশলের এক অনন্য নিদর্শন। পথ চলতে চলতে একদিকে যেমন চোখে পড়ে সবুজ পাহাড়, অন্যদিকে জঙ্গল, নদী ও পাহাড়ি জনপদের মনোরম দৃশ্য। বর্তমানে পর্যটকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দার্জিলিং-ঘুম ‘জয় রাইড’, যেখানে ট্রেন বাতাসিয়া লুপে কিছুক্ষণ দাঁড়ায় এবং বিশ্বের অন্যতম উচ্চতম রেলস্টেশন ঘুমে পৌঁছে পর্যটকরা মিউজিয়ামও ঘুরে দেখতে পারেন।
শুধু জয় রাইড নয়, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত নিয়মিত ট্রেন পরিষেবাও চালু রয়েছে। পাশাপাশি শিলিগুড়ি ও আশপাশের বাসিন্দাদের জন্য সপ্তাহান্তে বিশেষ জঙ্গল সাফারি পরিষেবার ব্যবস্থাও রয়েছে। শনিবার ও রবিবার চলা এই ট্রেনে রংটং ও তিনধারিয়া পর্যন্ত ভ্রমণের সুযোগ পান যাত্রীরা। জঙ্গলের নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগের জন্য এই পরিষেবা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, টয় ট্রেন শুধুমাত্র একটি পরিবহণ ব্যবস্থা নয়, এটি উত্তরবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম পরিচয়। তিনি বলেন, পর্যটকদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন ধরনের পরিষেবা চালু রাখা হয়েছে। অনলাইনে ডিএইচআরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেমন টিকিট বুক করা যায়, তেমনই অফলাইনেও টিকিটের ব্যবস্থা রয়েছে। জয় রাইডের টিকিট সাধারণত ১,০০০ টাকা থেকে শুরু হয়, আর জঙ্গল সাফারির ভাড়া শুরু হয় ২০০ টাকা থেকে।
ঐতিহ্য, প্রকৃতি এবং পাহাড়ি সৌন্দর্যের এক অনবদ্য মেলবন্ধন টয় ট্রেন। আজও ধোঁয়া উড়িয়ে পাহাড়ের আঁকাবাঁকা পথে ছুটে চলা এই ট্রেন পর্যটকদের কাছে এক আলাদা আবেগের নাম। তাই দার্জিলিং সফরের পরিকল্পনা থাকলে, টয় ট্রেনের জানালার ধারে বসে পাহাড়কে নতুন করে দেখার অভিজ্ঞতা হাতছাড়া না করাই ভাল।
Darjeeling,West Bengal
Jun 05, 2026 10:31 AM IST