মমতা কুলকার্নি (Mamta Kulkarni) আর বিতর্ক, যেন মুদ্রার এপিঠ ওপিঠ। বিভিন্ন সময়ে, ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে, বিভিন্ন কাজের জন্য বিতর্কে জড়িয়েছেন এই বলিউডের নায়িকা। আর এবার, ফের বিতর্কে তিনি, কারণ হিন্দি গানের সঙ্গে মঞ্চে তাঁর নাচ!

এই ঘটনার কথা কেউই ভুলে যাননি যে, ২০২৫ সালের ২৪ জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভের সময়ে সন্ন্যাস গ্রহণ করেন মমতা কুলকার্নি। সেই সময়ে তাঁর এই সিদ্ধান্তে সবাই অবাক হলেও, তিনি জানিয়েছিলেন দীর্ঘদিন থেকেই আধাত্মবাদের চর্চা করেন তিনি। সেই কারণেই পর্দা থেকে দূরে সরে আসা এবং একেবারে অন্য ধারায় জীবনযাপন করা।

সেই সময়ে মমতা কুলকার্নি একটি আধাত্মিক নামও গ্রহণ করছিলেন। তাঁকে মহামণ্ডলেশ্বর পদ দেওয়া হয়েছিল। তবে মমতা কুলকার্নিকে সন্ন্যাস গ্রহণ করানো নিয়ে, আখাড়ার অন্দরেই বিতর্ক তৈরি হয়। বলা হয়, নিয়ম না মেনেই মহামণ্ডলেশ্বরের মতো সম্মানজনক পদ পেয়ে গিয়েছেন মমতা।

বিতর্কের জেরে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসেই এই পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানান মমতা। তবে পরবর্তীকালে জানা যায়, তাঁর ইস্তফা গ্রহণ করা হয়নি। কিন্তু অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি আধাত্মবাদের পথেই জীবন কাটাতে চান।

মমতা কুলকার্নি এই কথা বললেও, সোশ্যাল মিডিয়ায় এর পরে মাঝে মাঝেই ভেসে আসে বিভিন্ন ছবি। একটা সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ সফরের ছবিও ভাগ করে নিয়েছিলেন। বন্ধুদের সঙ্গে বিদেশ সফরে গিয়েছিলেন মমতা কুলকার্নি।

তবে সদ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। জয়পুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। আর সেখানে মঞ্চে উঠে নিজের ছবির গানেই পা মেলালেন মমতা। তাঁর পরণে ছিল আধুনিক ও জমকালো পোশাক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। সেখানেই দেখা যায় মমতা কুলকার্নি নাচ করছেন হিন্দি গানের সঙ্গে। আর এই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চূড়ান্ত কটাক্ষ। অনেকে লিখেছেন, ‘আরে ইনি তো সাধ্বী হয়ে গিয়েছিল, তাহলে কীভাবে এইরকম নাচ-গান করছেন মঞ্চে উঠে?’

তবে অনেকেই আবার মমতা কুলকার্নির নাচের প্রশংসা করেছেন। তিনি যে এখনও নিজের স্বাস্থ্য ধরে রেখেছেন এবং মঞ্চে উঠে আগের মতোই সাবলীল তিনি, তার প্রশংসাও হয়েছে।

তবে মমতা কুলকার্নি তর্কবিতর্ক নিয়ে বিচলিত নন একেবারেই। তিনি নিজের জীবনকে উপভোগ করতে ভালবাসেন এবং যখন যেটা তাঁর সঠিক বলে মনে হয়েছে, সেই পথেই চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক নিয়ে কখনও কথা বলতে দেখা যায় না তাঁকে।

অনুষ্ঠানের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে ‘ঘাতক’, ‘কর্ণ অর্জুন’ ছবির গানে নাচ করছেন তিনি। তবে আধাত্মবাদের যে গেরুয়া পোশাক তিনি পরেছিলেন দীক্ষা নেওয়ার সময়ে, তাঁর বদলে একেবারে ঝলমলে বলিউডি পোশাকে দেখা যাচ্ছে তাঁকে।
Published at : 28 Sep 2026 03:52 PM (IST)