Last Updated:
ট্রেনেই প্রসব যন্ত্রণায় আক্রান্ত হয়ে যমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ঘটনার খবর পেয়েই তৎপর হয় আরপিএফ, ট্রেনে প্রথম সন্তানের জন্ম দেন, পরে অ্যাম্বুল্যান্সে দ্বিতীয় সন্তানের জন্ম হয়।
রাউরকেলা-গুনুপুর রাজ্যরানি এক্সপ্রেসের জেনারেল কামরায় এক মহিলা প্রসব যন্ত্রণায় আক্রান্ত হয়ে যমজ সন্তানের জন্ম দেন। এই ঘটনায় দ্রুত তৎপরতা দেখিয়ে মা ও নবজাতকদের নিরাপদে চিকিৎসার ব্যবস্থা করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)।
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেনে যাওয়ার সময় ওই মহিলার প্রসব বেদনা শুরু হয় এবং তিনি কামরার মধ্যেই প্রথম সন্তানের জন্ম দেন। খবর পেয়ে সকাল ৬টা ৫৩ মিনিটে ট্রেনটি কটক স্টেশনে পৌঁছতেই আরপিএফের মহিলা কর্মীদের একটি দল সংশ্লিষ্ট কামরায় পৌঁছে যায়।
সেই সময় দ্বিতীয় সন্তানের জন্ম দিতে গিয়ে তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ওই মহিলা। পরিস্থিতি সামাল দিতে কটক স্টেশনে কাপড়ের পর্দা দিয়ে একটি অস্থায়ী নিরাপদ এলাকা তৈরি করে রেল পুলিশ। স্টেশন কর্তৃপক্ষের ঘোষণার পর এক সহযাত্রী, যিনি পেশায় ফার্মাসিস্ট, এগিয়ে এসে মা ও সদ্যোজাত শিশুর প্রাথমিক চিকিৎসায় সাহায্য করেন।
এরপর অ্যাম্বুল্যান্সে করে মহিলাকে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেন। বর্তমানে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মা ও দুই নবজাতকই সুস্থ এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে।
এই জরুরি পরিস্থিতিতে চিকিৎসা ও উদ্ধারকাজ সম্পন্ন করার জন্য ট্রেনটিকে কটক স্টেশনে প্রায় ১৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়। আরপিএফ, রেল পুলিশ এবং রেল কর্তৃপক্ষের দ্রুত ও মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও। এই ঘটনা যদিও আগেও ঘটেছে ভারতীয় রেলে, প্রতিবারই এই ঘটনা সামনে আসার পরে ব্যবস্থা নেয় ভারতীয় রেল।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
