কলকাতা: মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar), বাবা হলেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। রবিবার সকালে, শোভন-সোহিনীর কোল আলো করে এল পুত্রসন্তান। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিলেন তারকা দম্পতি। ২০২৪ সালে, ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে, একটি বাগানবাড়িতে সাত পাকে বাঁধা পড়েছিলেন শোভন আর সোহিনী। সেরেছিলেন আইনি বিবাহ ও। তার আগে অবশ্য তাঁকের প্রেমপর্ব চলেছিল বেশ কিছুদিন। সেই সময়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাননি কেউই। অবশেষে সবার অলক্ষ্যে নতুন জীবন শুরু করেন অভিনেত্রী ও সঙ্গীতশিল্পীর জুটি। আর আজ, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁরা।
শোভন-সোহিনীর ঘরে এল বীরপুরুষ
সোশ্যাল মিডিয়ায় পরিবারে নতুন সদস্য আসার খবর ভাগ করে নিয়েছেন শোভন আর সোহিনী ২ জনেই। একটি ছোট্ট পায়ের ছাপের ছবি শেয়ার করে নিয়েছেন সোহিনী, সেখানে লেখা, আমাদের বীরপুরুষ , আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো। সেই পোস্টে দেওয়া রয়েছে শোভন এবং সোহিনীর নাম। পাশাপাশি রয়েছে আজকের তারিখ। গতকালই খুশির খবর পেয়েছে বলিউড। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) আর রণবীর সিংহের (Ranveer Singh) কোলে এসেছে, দ্বিতীয় কন্যাসন্তান। খেলার সঙ্গে পেয়েছে ছোট্ট দুয়া। আর ঠিক তার পরের দিনই, টলিউডে সুসংবাদ। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন শোভন এবং সোহিনী। সোশ্যাল মিডিয়ায় প্রায় রণবীর দীপিকার আদলেই, সুখবর শেয়ার করে নিয়েছেন শোভন এবং সোহিনী।
যে সময়ে সোহিনী জানতে পেরেছিলেন যে তিনি অন্তঃসত্ত্বা, সেই সময়ে তিনি বহুরূপী ২-এর শ্যুটিং করছিলেন। অন্তঃসত্ত্বা অবস্থাতেই, খুব সাবধানতা অবলম্বন করে শ্যুটিং সারেন তিনি। তবে নিয়মিত কাজ করে গিয়েছেন সোহিনী। বিভিন্ন অনুষ্ঠানে, সাক্ষাৎকারে তাঁকে দেখা গিয়েছে। বারে বারে বলতে শোনা গিয়েছে তাঁকে, জীবনের নতুন অধ্যায় কতটা উপভোগ করছেন তিনি। অবশেষে সেই অপেক্ষার অবসান। শোভন-সোহিনীর কোল আলো করে এল ছোট্ট বীরপুরুষ। আপাতত শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি। প্রত্যেকেই খুদেকে ভালবাসা জানিয়েছেন।