কলকাতা: বিগ বস বাংলা (Big Boss Bangla)-র ঘরে সফর শেষ হল, অভিনেত্রী সোহিনী পাল (Sohini Paul)-এর। এই ঘরে, ৪ সপ্তাহ ছিলেন সোহিনী, জায়গা তৈরি করে নিয়েছিলেন নিজের মতো করেই। শুধু তাপস পাল কন্যা হিসেবে নয়, সোহিনী নিজেও একজন অভিনেত্রী। একটা সময়ে মুম্বইতে কাজ করলেও, বর্তমানে কলকাতার বাসিন্দা তিনি। পড়াশোনার দিকেও সোহিনীর ঝোঁক রয়েছে, অ্যাকাডেমিক্স নিয়েই কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে চার সপ্তাহের মাথায়, রবিবার বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, খেলায় তাঁর অংশগ্রহণ খুব একটা নজর কাড়ছে না। তবে এদিন, বিগ বসের ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি।
বিগ বসের বাড়িতে সফর শেষ সোহিনীর
এদিন সৌরভ গঙ্গোপাধ্যায় সোহিনীকে মঞ্চে ডেকে নেওয়ার সময়ে বলেন, তিনি সোহিনীকে দীর্ঘদিন ধরেই চেনেন। একেবারে অল্পবয়স থেকে সোহিনীর পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক রয়েছে তাঁর। সেই কারণে সোহিনীর প্রতি বিশেষ স্নেহ রয়েছে তাঁর। কিন্তু এই খেলায় দর্শকদের ভোটই শেষ কথা বলে। আর চ্যানেল জানাচ্ছে, দর্শকেরা নিয়মিত যে ভোট দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন সোহিনী। আর সেই কারণেই, বিগ বসের বাড়িতে তাঁর সফর শেষ হয়ে গেল। এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হল তাঁকে। সোহিনীকে মঞ্চে ডেকে নিয়ে অবশ্য সৌরভ আগামীর কাজের জন্য শুভেচ্ছা জানান তাঁকে।
সোহিনী বেরিয়ে যাওয়ার খবর শোনার পর থেকেই, কান্নায় ভেঙে পড়েন তনুশ্রী। সোহিনীর সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ ছিলেন তিনি। অন্যদিকে সোহিনী চলে যাওয়ার পরে, মনখারাপ করে ঘরের এক কোণে বসে ছিলেন ঝিলাম। ঘরে যখন অনুষ্কা ঘোষ আসেন, তখন ঝিলাম প্রথমে তাঁর সঙ্গে কথা বলতেও যাননি। অনুষ্কা এসে কথা বলার পরে নিরঞ্জন জানান, সোহিনী সদ্য বেরিয়ে চলে যাওয়ার কারণেই, মনখারাপ ঝিলামের। কিছু কিছু টাস্কের সময়ে সোহিনী যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন। তবে শেষের টাস্কটির সময়ে সোহিনীকে বসে থাকতে এবং গল্প করতে দেখা যায়। শনিবারের এপিসোডে সৌরভ গঙ্গোপাধ্যায় এসে সোহিনীর নাম করে বলেছিলেন যে, সোহিনী হয়তো মনে করেন এই শো-টি স্ক্রিপ্টেড, কিন্তু আসলে তা নয়।