মুম্বই: কনসার্টে গিয়ে রহস্যমৃত্যু এক যুবকের। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর বান্ধবী। ভয়ঙ্কর ঘটনা মায়ানগরী মুম্বইয়ে। শনিবার রাতে ওরলিতে আয়োজিত ‘Klangkuenstler All Night Long’ কনসার্টে গিয়েছিলেন তাঁরা। অতিরিক্ত মদ্যপানের জেরেই এই ঘটনা হলে অনুমান পুলিশের। তদন্ত শুরু হয়েছে। (Mumbai Concert Deaths)
NSCI Dome Worli-তে কনসার্টের আয়োজন হয়েছিল। মাহিমের বাসিন্দা, ২৮ বছর বয়সি বৃষভ গাংরুডে এবং তাঁর বান্ধবী ওই কনসার্টে যান। অতিরিক্ত মদ্যপানের জেরে তাঁরা নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গিয়েছে। প্রচুর মানুষ ভিড় করেছিলেন কনসার্টে। কিছু ক্ষণ পরই অসুস্থ বোধ করতে শুরু করেন ওই দু’জন। হাসপাতালে নিয়ে যাওয়া হয় দু’জনকে। কিন্তু পথেই বৃষভের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। তাঁর বান্ধবী প্রাণে বেঁচে গেলেও অবস্থা গুরুতর। (Worli Concert Deaths)
আরও পড়ুন: জন্মের হারে বড় পতন, কী অপেক্ষা করছে ভারতের জন্য? ওয়ার্নিং দিলেন খোদ ইলন মাস্ক
ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই দু’জনকে। পরে ওই তরুণীকে জসলোক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, তিনি মদ্যপান করেছিলেন। এনার্জি ড্রিঙ্কও ঢেলেছিলেন গলায়। ওই দু’জন মাদ সেবন করেছিলেন কি না, সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। তবে মাদক সেবনের কোনও প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, অন্য ডিভাইসও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, কনসার্টে হার্ট অ্যাটাক হয়ে থাকতে পারে ওই যুবকের। তবে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষাও চলছে।
আরও পড়ুন: গ্রেফতার হতে পারেন খান স্যর? কোচিং সেন্টারে হামলার ঘটনায় নয়া মোড়
এপ্রিল মাসের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগে, গোরেগাঁওয়ের NESCO সেন্টারে আয়োজিত কনসার্টে গিয়ে বেঘোরে মৃত্যু হয় দুই MBA পড়ুয়ার। তদন্তে জানা যায়, মাদক সেবন করেছিলেন তাঁরা। ড্রাগ ওভারডোজের ফলেই মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে ওরলিতে ওই কনসার্টে প্রথমে অনুমতি দিতে চায়নি পুলিশ। গোরেগাঁওয়ের কথা মাথায় রেখেই ইতস্ত করছিল তারা। কিন্তু স্থানীয় পুলিশের আপত্তি থাকা সত্ত্বেও সিনিয়র অধিকারিকরা অনুমতি দিয়ে দেন বলে অভিযোগ। কনসার্টে চারটি মদের স্টল ছিল। আবগারি দফতরের তরফে অনুমোদন দেওয়া হয়েছিল তাতে। সন্ধে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কনসার্ট চলে। টিকিটের দাম ছিল মাথাপিছু ৪০০০ টাকা। কনসার্টে মদ বিক্রি এবং অন্য প্রয়োজনীয় নথি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় দুর্ঘটনাবশত মৃত্যুর অভিযোগ দায়ের করেছে পুলিশ। কমপক্ষে আটজনকে জিজ্ঞাসাবাদ করা বচ্ছে। আয়োজকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছে পুলিশের তরফে। টিকিট ব্যাকে বিক্রি হয়েছিল কিনা, শুরু হয়েছে তদন্ত। মিউজিক্যাল শো-র আড়ালে রেভ পার্টি চলছিল কি না, মোবাইলের ক্যামেরার উপর টেপ লাগাতে বলা হয়েছিল কি না, সেই প্রশ্নও উঠে আসছে। ফরেন্সিক টিম খতিয়ে দেখছে সব কিছু।