নয়াদিল্লি: মহাকাশে প্রতিরক্ষামূলক রকেট পাঠাল রাশিয়া। Soyuz-2.1b রকেটের সফল উৎক্ষেপণ করল তারা। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ROSCOSMOS নয়, রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সফল রকেট উৎক্ষেপণের কথা জানানো হয়েছে। মহাকাশে ‘মিলিটারি স্যাটেলাইট’ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। তবে আসলে কী পাঠানো হল মহাকাশে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কারণ জল্পনা সত্যি করে অতি সম্প্রতিই মহাকাশে অস্ত্রশস্ত্র মোতায়েনের কথা স্বীকার করে নিয়েছে আমেরিকা। তার পর পরই রাশিয়ারক প্রতিরক্ষা মন্ত্রকের তরফে রকেট উৎক্ষেপণের ঘোষণায় জল্পনা বাড়ছে। (Russia Military Satellite)
রুশ প্রতিরক্ষামন্ত্রকের তরফে টেলিগ্রামে সফল রকেট উৎক্ষেপণের কথা জানানো হয়েছে। বলা হয়েছে, Soyuz-2.1bটি পৃথিবীর কক্ষপথে নির্ধারিত জায়গায় পৌঁছে গিয়েছে। রুশ এ্যারোস্পেস ফোর্স পৃথিবী থেকে সেটিকে নিয়ন্ত্রণ করছে। টেলিমেট্রি লিঙ্ক একেবারে স্বাভাবিক রয়েছে। একেবারে ঠিকঠাক কাজ করছে স্যাটেলাইটটি। ১৭ সেপ্টেম্বর আরখানগেলস্কের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে রকেটটির সফল উৎক্ষেপণ হয় বলে জানা যাচ্ছে। ওই এলাকার আকাশে জেলিফিশের মতো ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেই নিয়ে জল্পনা শুরু হতেই রাশিয়ার তরফে রকেট উৎক্ষেপণের কথা জানানো হয়। (Russia Launches Soyuz-2.1b Rocket)
তাৎপর্যপূর্ণ বিষয় হল মহাকাশে কোন স্যাটেলাইট পাঠানো হল, তার কী নাম, নম্বর কত, সেটির বৈশিষ্ট্য কী, কী জন্য সেটিকে মহাকাশে পাঠানো হল, তার কিছুই খোলসা করেনি রাশিয়া। মহাকাশযান উৎক্ষেপণ সংক্রান্ত বিষয়ে নজরদারি চালানো সংস্থা Next Spaceflight জানিয়েছে, Soyuz-2.1b রকেট এবং Fregat-M আপার স্টেজ ব্যবহার করা হয়েছে এক্ষেত্রে। মহাকাশে গোপন স্যাটেলাইট পাঠিয়েছে রুশ বাহিনী। সেটি Kosmos সিরিজের স্যাটেলাইট হতে পারে, হতে পারে অন্য কিছুও। Rassvet কমিউনিকেশন সিস্টেমও পাঠানো হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। কিন্তু স্পষ্ট ভাবে কিছুই বোঝা যাচ্ছে না।
🚀Soyuz-2.1b soars into orbit, carrying Russian Defense Ministry spacecraft
The satellite reached its target orbit on schedule and was taken under control by ground-based Space Forces assets.
Stable telemetry communication is now in place, with all onboard systems running… pic.twitter.com/E0O7SAohXP
— Sputnik (@SputnikInt) September 18, 2026
২০২৬ সালের মার্চ মাসে মহাকাশে পর পর স্যাটেলাইট পাঠাতে শুরু করে রাশিয়া। সেই সময় Soyuz-2.1b রকেটে চাপিয়ে মহাকাশে ১৬টি স্যাটেলাইট পাঠানো হয়, যেগুলি নিয়ন্ত্রণ করছে Bureau 1440. জুলাই মাসে একাধিক স্যাটেলাইট পাঠানো হয়। ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগ DIU-এর দাবি, ২০২৭ সালের মধ্যে মহাকাশে ২৯২টি Rassvet Communication স্যাটেলাইট মোতায়েনের লক্ষ্য নিয়েছে রাশিয়া। আগামীতে Starlink-এর সমকক্ষ হয়ে উঠতে পারে তারা। যদিও রাশিয়ার তরফে সেই নিয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: লকডাউন পরিস্থিতি পাকিস্তানে, নতুন গাড়ি কেনা বন্ধ, বিয়েবাড়ির মেনুতে একটিই পদ, জারি বিধিনিষেধ
চলতি সপ্তাহেই মহাকাশে অস্ত্রশস্ত্র মজুতের কথা মেনে নেয় আমেরিকা। শত্রুপক্ষের মোকাবিলায় পৃথিবীর কক্ষপথে সব ব্যবস্থা করে রাখা আছে বলে জানায় তারা। এমনকি চিন এবং রাশিয়ার মোকাবিলা করতেই যে পৃথিবীর বাইরে অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছে, তাও মেনে নেয় আমেরিকার। তার পরই গোপনে রকেট উৎক্ষেপণ করল রাশিয়া, যা নিয়ে জল্পনা বাড়ছে। আর এই পরিস্থিতিতেই উদ্বেগ বাড়িয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তাঁর দাবি NATO দেশগুলির উপর রকেট হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। হামলা চালিয়ে তা দুর্ঘটনা হিসেবে দেখানো হতে পারে বলেও দাবি করেছেন তিনি।