নয়াদিল্লি: কারও মাথায় আরশোলার শুঁড়, কারও গলায় এবং পিঠে ঝোলানো আরশোলার ছবি, কেউ আবার গলায় ঝুলিয়েছেন ‘আমি আরশোলা’ লেখা পোস্টার… এমনই দৃশ্য সম্প্রতি দেখা গেল দিল্লির (Delhi) যমুনা নদীর তীরে। এঁরা কারা? আর এইরকম আরশোলার (Cockroach) বেশে যমুনার (Yamuna River) তীরে তাঁরা করছেনই বা কী? নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
আসলে এই ব্যক্তিরা হলেন ককরোচ জনতা পার্টির সদস্য। আর এই মুহূর্তে নেটদুনিয়ায় এক্কেবারে ঝড় তুলেছে CJP, অর্থাৎ ককরোচ জনতা পার্টি। আর তাঁদেরই এবার দেখা গেল যমুনা নদীর তীরে। দিল্লির যমুনা নদীর দূষণের কথা কমবেশি সকলেরই জানা। আর সেই সেখানেই এবার দল বেঁধে নদীর পাড়ে জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করলেন সিজেপির সদস্যরা। তবে এখানেই রয়েছে টুইস্ট। ককরোচ জনতা পার্টির সদস্যরা আরশোলার বেশে যমুনা নদীর পাড় পরিষ্কার করেছেন। এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
CJI ने किया Gen Z का cockroach बोल के अपमान कॉकरोचोने की दिल्ली में यमुना नदी की सफ़ाई।@CJP_2029#cockroachjanataparty #delhi #yamunariver #यमुना #दिल्ली pic.twitter.com/0RiK1arr4R
— Mahesh Andhale Official (@OfficialAndhal1) May 21, 2026
এবিপি আনন্দ লাইভ অবশ্য ওই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়ো নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল যুবক পিঠে বড় আরশোলার ছবি বেঁধে যমুনা নদীর পাড়ে পড়ে থাকা প্লাস্টিকের বর্জ্য, নোংরা, আবর্জনা পরিষ্কার করছেন। এই ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ‘মহেশ আন্ধালে অফিসিয়াল’ অ্যাকাউন্ট থেকে। সেই ভিডিয়োতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।
উল্লেখ্য, হঠাৎ কীভাবে সূত্রপাত CJP-র? বিতর্কের সূচনা CJI সূর্যকান্তর একটি মন্তব্যকে ঘিরে। সম্প্রতি একটি মামলার শুনানি চলাকালীন তিনি কর্মহীন, বেকার ছেলেমেয়েদের ‘আরশোলা’, ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন বলে অভিযোগ। মন্তব্য শোনা যায়, কোথাও কিছু করতে না পারলে বেকাররা সাংবাদিকতা, সমাজকর্মী, আইনের মতো পেশাকে আঁকড়ে ধরেন। সেইসময় থেরে CJI সূর্যকান্তর ওই মন্তব্য ঘিরে আলোড়ন শুরু হয়। এরপর বিতর্কের মুখে পড়ে তিনি জানান, তাঁর ওই মন্তব্য একপ্রকার মৌখিক পর্যবেক্ষণ ছিল মাত্র। আর সেটিরই ভুল ব্যাখ্যা হচ্ছে বলে তিনি দাবিও করেন। তার ফলেও অবশ্য বিতর্ক থামেনি।